খুব অতিথিপরায়ণ ছিলেন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন। ব্যক্তিগত সম্পদ বলতে যা ছিল, সবই তিনি অতিথি আপ্যায়ন ও তাঁর ঘোষিত জিহাদের পেছনে ব্যয় করেছেন।গত রোববার অনলাইনে প্রচারিত আধা ঘণ্টার এক ভিডিওচিত্রে লাদেন সম্পর্কে এসব কথা বলেন আল-কায়েদার বর্তমান নেতা আয়মান আল-জাওয়াহিরি। গতকাল সোমবার এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। এক বছরের বেশি সময় আগে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে লাদেন নিহত হওয়ার পর আল-কায়েদার হাল ধরেন জাওয়াহিরি। ‘ডেজ উইথ দ্য ইমাম, পার্ট টু’ শিরোনামে প্রচারিত আধা ঘণ্টার ওই ভিডিও টেপটিতে জাওয়াহিরি তাঁর পূর্বসূরির (ওসামা বিন লাদেন) পরিমিত জীবনের স্মৃতিচারণা করতে করেন। জাওয়াহিরি বলেন, ‘তাঁর বাড়িতে গেলে আপনি অবাক না হয়ে পারতেন না। খুব সাধারণ এক বাড়ি ছিল তাঁর। কয়েকটা কাঠের খাট ছিল সেখানে। চাদর বলতে ছিল প্লাস্টিকের আচ্ছাদন। অন্যান্য আসবাবও ছিল সামান্য।’জাওয়াহিরি বলেন, ‘লাদেন ছিলেন বেশ অতিথিপরায়ণ। একবার আফগানিস্তানে অতিথি আপ্যায়নে তিনি গোটা একপাল ভেড়াই কিনে নেন।’ অতিথিদের কাছে দিলখোলা লোক হিসেবে লাদেনের খ্যাতি ছিল। তিনি জানান, লাদেন তাঁর অধিকাংশ অর্থ ব্যয় করেছেন জিহাদের পেছনে। ১৯৯৮ সালে কেনিয়া ও তাঞ্জানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলার জন্য লাদেন ৫০ হাজার মার্কিন ডলার দেন। অথচ তাঁর কাছে তখন ৫৫ হাজার ডলারের বেশি অর্থ ছিল না। পিটিআই।