সীমান্তে সামরিক সংঘাতের পর উত্তেজনা প্রশমনে পাকিস্তান যে আলোচনার প্রস্তাব দিয়েছে তার জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে ভারত কোনো তাড়াহুড়ো করবে না। সালমান খুরশিদ বলেন, আলোচনার ক্ষেত্রে ভারতের অতিব্যগ্রতা নেই। তবে তিনি এও বলেন, সীমান্তের সাম্প্রতিক ঘটনাবলি দুই দেশের শান্তিপ্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের আলোচনায় বসার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে খুরশিদ গতকাল শুক্রবার সাংবাদিকদের এসব কথা বলেন। পাকিস্তানের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও ভারতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারের কাছ থেকে আলোচনার যে প্রস্তাব এসেছে তা ইতিবাচক। এটা সুখবর এবং আমাদের পক্ষ থেকেও এর যথোচিত জবাব দেওয়া উচিত। বিষয়টি নিয়ে কংগ্রেসের তিন দিনের চিন্তন শিবিরে আলোচনা হবে।’খুরশিদ বলেন, ‘সীমান্তের সাম্প্রতিক ঘটনায় শান্তিপ্রক্রিয়া ব্যাহত হওয়া উচিত নয়। আমরা আশা করছি, আমরা এ বিষয়ে একটা সমাধান খুঁজে পাব। পুরো বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং সম্ভাব্য গভীর মনোযোগ দিয়েছি। পাকিস্তানের সঙ্গে শান্তিপ্রতিষ্ঠায় ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজ করেছি। সারা বিশ্বে ভারতের কৌশলগত অবস্থানের জন্যই এটা গুরুত্বপূর্ণ।’পাকিস্তানের আলোচনার প্রস্তাবের প্রসঙ্গে খুরশিদ বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে এগোনোর চেষ্টা করছি। প্রধানমন্ত্রী মনমোহন সিং সবকিছু নিয়ন্ত্রণে রাখার এবং পরিস্থিতির অবনতি এড়াতে সর্বাত্মক চেষ্টা করছেন। আলোচনায় বসার আগে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হচ্ছে।’ খুরশিদ বলেন, ‘আলোচনা নিয়ে আমরা তাড়াহুড়ো করতে চাই না। ধাপে ধাপে এগোতে চাই।’ তিনি আরও বলেন, ‘দুই দেশের আলোচনা মুহূর্তের কোনো ব্যাপার নয়। এ নিয়ে ধীরে ধীরে এগোতে হবে এবং অগ্রগতি অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।’চলতি মাসের গোড়ার দিকে সীমান্তে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে দুই দেশের সেনাবাহিনীই প্রতিপক্ষের কয়েকজন সেনাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে উভয় পক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। এ নিয়ে কাশ্মীরের সীমান্তবর্তীএলাকায়উত্তেজনা ছড়িয়েপড়েছে। বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।