অতিরিক্ত কর আরোপের ঘোষণায় অনড় গিলার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় বন্যা-পরবর্তী পুনর্গঠনের জন্য অতিরিক্ত কর আরোপের ঘোষণায় অনড় সে দেশের প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। গতকাল শুক্রবার তিনি বলেন, অস্ট্রেলীয়দের ওপর আরোপিত এ কর আহামরি কিছু নয়। দেশটির কনজারভেটিভ নেতারা প্রধানমন্ত্রীর অতিরিক্ত কর আরোপের এ ঘোষণার সমালোচনা করে আসছেন। বিরোধী দলের নেতাদের সমালোচনার মুখেও নিজের অবস্থান থেকে সরে আসেননি গিলার্ড। তিনি বলেন, সরকারের অনির্ধারিত খরচের তহবিল থেকে কিংবা বাজেট-ঘাটতি করে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠনের কাজের জন্য অর্থের জোগান দেওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই। রাজস্ব বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, বন্যা-পরবর্তী পুনর্গঠনে ৫০০ কোটি ৬০ লাখ ডলার ব্যয় হবে। এ অর্থ জোগাড় করতেই প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার অতিরিক্ত কর আরোপের ঘোষণা দেন।যাঁদের বাৎসরিক আয় ৫০ হাজার থেকে এক লাখ অস্ট্রেলীয় ডলারের মধ্যে, তাঁদের কর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ এবং যাঁদের আয় এক লাখ ডলারের বেশি তাঁদের কর হার এক শতাংশ বাড়ানো হয়েছে। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কর মওকুফ করা হয়েছে। জুলিয়া গিলার্ড বলেন, ‘জুলাই থেকে আগামী এক বছরের জন্য নাগরিকদের এ অতিরিক্ত কর দিতে হবে। আমাদের অর্থনীতিকে আরও এগিয়ে নিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’ তিনি তাঁর এ পদক্ষেপকে ‘নমনীয় বিকল্প উপায়’ হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘যে কাজ আমরা এখনই করতে সক্ষম, তা ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত হবে না।’সেভেন নেটওয়ার্কের এক জনমত জরিপে দেখা যায়, ৯৩ শতাংশ নাগরিক অতিরিক্ত কর দিতে অস্বীকৃতি জানিয়েছেন। সাড়ে চার হাজার নাগরিকের ওপর টেলিফোনে ওই জরিপ চালানো হয়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে গিলার্ড বলেন, ‘আমি মনে করি, অস্ট্রেলিয়ার নাগরিকদের এখন ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার সময় এসেছে।’