অতীত ভুলে দুই দেশকে এগিয়ে যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, ভারত ও পাকিস্তানকে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে অগ্রসর হতে হবে। ভারত সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় চ্যানেল এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। মালিক দাবি করেন, বাবরি মসজিদ ভেঙে ফেলা ও মুম্বাই হামলার বিষয়ে তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, বাবরি মসজিদ ধ্বংস করার সঙ্গে তিনি মুম্বাই হামলার বা যুক্তরাষ্ট্রে ৯/১১-এর হামলার কখনো তুলনা করেননি।পাকিস্তানে আটক কারগিল যুদ্ধের বন্দী ভারতীয় সামরিক বাহিনীর ক্যাপ্টেন সৌরভ কালিয়ার মৃত্যুর তদন্ত করা হবে বলে মালিক আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘ক্যাপ্টেন কালিয়ার বাবার কষ্ট আমি বুঝতে পারছি। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়ে পদক্ষেপ নেব।’ পাকিস্তানের জামাতুত দাওয়ার প্রধান হাফিজ সাইদ সম্পর্কে বলেন, তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু হাইকোর্ট তাঁকে ছেড়ে দিয়েছেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। ভারত ও পাকিস্তানের ভিসা পাওয়ার জটিলতা দূর করতে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন রেহমান মালিক। ডন।