অদূর ভবিষ্যতে প্রত্যাশিত আয়ু ৯০ ছাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অনেক দেশেই ২০৩০ সাল নাগাদ মানুষের প্রত্যাশিত আয়ু বাড়বে। কোনো কোনো স্থানে তা ৯০ বছর ছাড়িয়ে যাবে। আর এ ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে এগিয়ে থাকবে দক্ষিণ কোরিয়া। তখন সেখানে নারীদের প্রত্যাশিত আয়ু ৯০ বছরের কিছু বেশি হবে। অন্যদিকে, সে সময় প্রত্যাশিত গড় আয়ুর ক্ষেত্রে উন্নত দেশগুলোর মধ্যে সবার নিচে থাকবে যুক্তরাষ্ট্র। নতুন এক গবেষণা প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক জনস্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট-এ গত মঙ্গলবার এ বিষয়ের গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। ইমপেরিয়াল কলেজ লন্ডন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৩৫টি শিল্পোন্নত ও উঠতি সমৃদ্ধ দেশের মানুষের গড় আয়ু নিয়ে এই গবেষণাটি করে।
নতুন এ গবেষণায় ভবিষ্যদ্বাণী করা হয়, ২০৩০ সালে অনেক দেশের মানুষ আরও বেশি দিন বাঁচবে। এ ছাড়া নারী ও পুরুষের প্রত্যাশিত গড় আয়ুর ব্যবধান কমে আসবে। নারী ও পুরুষের জীবনযাত্রার ধরন একই রকম হয়ে যাচ্ছে বলে তাঁরা কাছাকাছি আয়ু পাবেন।
ল্যানসেট-এর প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালে দক্ষিণ কোরিয়ার জন্ম নেওয়া কন্যাশিশুদের প্রত্যাশিত আয়ু ৯০ দশমিক ৮ বছর হবে এবং ছেলেশিশুদের ক্ষেত্রে তা হবে ৮৪ দশমিক ১ বছর। আর ওই সময়ে যুক্তরাষ্ট্রে পুরুষের প্রত্যাশিত আয়ু হবে ৭৯ দশমিক ৫ বছর এবং নারীদের ৮৩ দশমিক ৩ বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, বিশ্বে ২০১৫ সালে জন্ম নেওয়া শিশুদের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭১ বছর ৪ মাস। প্রতিবেদনে মা ও শিশুস্বাস্থ্যের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের স্বাস্থ্যের উন্নতির কারণে একটি জনগোষ্ঠীর আয়ু বাড়ে বলে উল্লেখ করা হয়।
প্রধান গবেষক অধ্যাপক মাজিদ ইজাতি বলেন, উচ্চ রক্তচাপের সমস্যা দক্ষিণ কোরিয়া অপেক্ষাকৃত ভালোভাবে সামাল দিচ্ছে এবং স্থূলতার হারও বিশ্বের মধ্যে সেখানে সর্বনিম্ন। এ কারণে তাদের প্রত্যাশিত আয়ু অদূর ভবিষ্যতে বাড়বে।