অধিকতর তদন্তে পাকিস্তানি দল ভারত যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সরকারের নিযুক্ত তদন্তকারী ও আইনজীবীদের একটি প্রতিনিধিদল চলতি সপ্তাহে ভারত যাচ্ছে। ২০০৮ সালে মুম্বাই হামলার ঘটনায় সাত সন্দেহভাজনের বিরুদ্ধে আরও প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে দলটি ভারত যাচ্ছে। ওই হামলার ঘটনায় ১৬৬ জন নিহত হয়েছিল। পাকিস্তানের ঊর্ধ্বতন সরকারি আইনজীবী চৌধুরী জুলফিকার আলী জানান, আজ বুধবার দলটির ভারতে যাওয়ার কথা। আট সদস্যের এ দলে অভিজ্ঞ আইনজীবী, প্রতিরক্ষা কৌঁসুলি এবং একজন আদালত কর্মকর্তা থাকবেন। তাঁরা ওই হামলার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেবেন এবং প্যানেলের অনুরোধে নেওয়া পূর্ববর্তী সাক্ষাৎকারের সঙ্গে মিলিয়ে দেখবেন। এ ছাড়া দলটি ভারতীয় তদন্তকারী, হামলায় নিহতদের ময়নাতদন্তের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ও মুম্বাইয়ে দেওয়া মোহাম্মদ আজমল আমির কাসাবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী মহিলা ম্যাজিস্ট্রেটের জবানবন্দি নেবে। আজমল আমির ওই হামলায় জড়িত একমাত্র ব্যক্তি যিনি বেঁচে আছেন। মুম্বাই হামলায় জড়িত সন্দেহভাজন ওই সাতজনের বিরুদ্ধে পাকিস্তান ২০০৯ সালে অভিযোগপত্র দেয়। এরপর অধিকতর তদন্তের স্বার্থে সরকারের নিযুক্ত দলটির এটিই প্রথম ভারত যাত্রা। দলটি মনে করে, মামলার কাজ এগিয়ে নিতে আরও প্রমাণপত্র প্রয়োজন। এএফপি।