অধিকাংশ মার্কিন সিরিয়া হামলার বিপক্ষে: জরিপ

যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষ সিরিয়ায় হামলার বিরুদ্ধে। আজ সোমবার এক জরিপের ফল বলছে, যদিও অধিকাংশ মার্কিন বিশ্বাস করে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ স্নায়ুনাশী গ্যাস প্রয়োগ করে মানুষ হত্যা করছেন, তবুও তাঁরা যুদ্ধবিরোধী। সিএনএন/ওআরসি ইন্টারন্যাশনালের জরিপের বরাত দিয়ে ‘দ্য ডন’ জানায়, জরিপে এক হাজার ২২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। শতকরা ৫৯ জনই সিরিয়ায় সামান্যতম হামলায়ও কংগ্রেসের অনুমোদন করা উচিত নয়। প্রায় ৭০ শতাংশ বলছে, সিরিয়াতে হামলা চালিয়ে মার্কিন স্বার্থসিদ্ধি বা জাতীয় স্বার্থ রক্ষা হবে না। যদি কংগ্রেস সিরিয়ায় হামলা অনুমোদনও করে, তবুও শতকরা ৫৫ জন সিরিয়ার সামরিক স্থাপনায় মার্কিন বিমান হামলা মেনে নেবে না বলে জানিয়েছে। কংগ্রেসের অনুমোদন না থাকলে, সিরিয়ায হামলার বিপক্ষে অবস্থান নেবেন ৭১ শতাংশ। তবে, ৫৭ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, সিরিয়া হামলা ২০১৪ সালের মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করবে না। সাধারণত মধ্যবর্তী নির্বাচনে দেশীয় ইস্যুগুলো প্রাধান্য পায়। সিএনএনের জরিপ সাধারণ ১ থেকে ৩ শতাংক হেরফের হয়ে থাকে। এ ধরনের জরিপ প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। তাঁর আজ সোমবার ছয়টি টেলিভিশন চ্যানেলে বক্তব্য রাখার কথা। ধারণা করা হচ্ছে, এসব অনুষ্ঠানে তিনি সিরিয়া হামলার পক্ষে আমেরিকার জনগণ ও আইনপ্রণেতাদের কাছে যুক্তি তুলে ধরবেন।
আগামীকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ওবামা ক্যাপিটল হিলে অবস্থিত কংগ্রেসে যাচ্ছেন। কংগ্রেসে সিরিয়া ইস্যুতে ভোটাভুটি হওয়ার আগে তিনি হোয়াইট হাউস থেকে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন। তার আগে তিনি বেশ কয়েকজন আইনপ্রণেতার সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাত্ করবেন।
এদিকে ‘ইউএসএ টুডে’র এক জরিপ বলছে, ক্যাপিটল হিলে (কংগ্রেসে) ওবামা চাপের মুখে পড়তে যাচ্ছেন। পত্রিকাটি বলছে, ৫৩৩ জন আইনপ্রণেতার মাত্র ২২ জন সিনেটর ও ২২ জন সাংসদ সিরিয়া আক্রমণের পক্ষে রয়েছেন।
পত্রিকাটি আরও জানায়, পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ১৯ সদস্য ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের ১৩০ জন জানিয়েছেন, তাঁরা সিরিয়া আক্রমণের যেকোনো প্রস্তাবের বিরোধিতা করবেন।
তবে কংগ্রেসের দুকক্ষের বেশির ভাগ সদস্য এখনো কোনো পাকা সিদ্ধান্ত নেননি।
ওবামার দল ডেমোক্রেটিক পার্টির বেশির ভাগ সদস্য বলছেন, তাঁরা সিরিয়া আক্রমণের বিপক্ষে।
‘ওয়াশিংটন পোস্ট’-এর আরেক জরিপ বলছে, কংগ্রেসের ২৫ জন সিনেটর সিরিয়া হামলার পক্ষে; বিপক্ষে ১৭ জন এবং ১০ জন সম্ভবত বিপক্ষে এবং ৫০ জন এখনো সিদ্ধান্তহীন। হাউসের মাত্র ২৫ জন হামলার পক্ষে, বিপক্ষে ১১১ জন, ১১৬ জন সম্ভবত বিপক্ষে এবং ১৮১ জন এখনো সিদ্ধান্তহীন।