অধিকার আদায়ে মন্ত্রীর বাসার ছাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবাদের জন্য আরও বেশি অধিকারের দাবি তুলে গতকাল মঙ্গলবার ব্রিটিশ বিচারমন্ত্রীর বাড়ির ছাদে আস্তানা গেড়েছেন মার্টিন ম্যাথুস নামের এক ব্যক্তি। তিনি নিউ ফাদারস ফর জাস্টিস নামের একটি প্রতিষ্ঠানের কর্মী বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

ছবিতে দেখা গেছে, ম্যাথুস মন্ত্রীর বাড়ির ছাদে তাঁবু খাটিয়েছেন। তিনি একটি ব্যানার ঝুলিয়ে দিয়েছেন, যাতে লেখা—‘অধিকার নেই? উন্মত্ত হও’।

নিউ ফাদারস ফর জাস্টিস এক বিবৃতিতে বলেছে, ওই কর্মী কয়েক দিন চলার মতো খাবার নিয়ে মন্ত্রীর বাড়ির ছাদে আস্তানা গেড়েছেন।

বিচারমন্ত্রী ক্রিস গ্রেলিংয়ের মুখপাত্র জানান, যে ঘটনা ঘটেছে, তা পুলিশের দেখার বিষয়। তবে তাত্ক্ষণিক মন্তব্যের জন্য কোনো পুলিশ সদস্যকে পাওয়া যায়নি।

বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে গেলে সন্তানের ব্যাপারে দুজনই যেন সমান অধিকার পান, এ ব্যাপারে প্রচার চালাচ্ছে এই সংগঠন। সংগঠনের কর্মীরা বিভিন্ন এলাকার উঁচু ভবন বা বিশিষ্ট ব্যক্তিদের বাড়ির ছাদে আস্তানা গেড়ে অধিকারের দাবি তুলছেন।