দুটি ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে ইসরায়েল অধিকৃত এলাকায় সংঘটিত ‘অপরাধ’ তদন্তের আহ্বান জানিয়েছে।
আইসিসি এ ধরনের তদন্তের উদ্যোগ নিলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তার ঘোর বিরোধিতা করতে পারে বলে মনে করা হয়। এ ছাড়া তা নতুন করে শুরু হওয়া ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়াকেও ব্যাহত করতে পারে।
আল-হক ও প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস নামের সংগঠন দুটি দ্য হেগে আইসিসির অভিযোক্তা ফাতউ বেনসুদার কাছে তাদের যুক্তি তুলে ধরে। মানবাধিকার সংগঠন দুটি বলছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আইসিসির সঙ্গে চুক্তিবদ্ধ না হলেও এ আদালত অধিকৃত এলাকায় অপরাধের তদন্ত করতে পারে। সংগঠন দুটি ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের নানা অপরাধের বিদ্যমান ‘বিপুল তথ্য-প্রমাণের ভিত্তিতে’ আইসিসিকে তদন্ত করার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, অপরাধ সংঘটিত করে ইসরায়েল যে পার পেয়ে যাচ্ছে, তারও তদন্ত করতে হবে।
ইসরায়েল আইসিসি-সংক্রান্ত রোম সংবিধি অনুমোদন করেনি। অন্যদিকে, রোম সংবিধিতে স্বাক্ষর করা নিয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষ এখনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। সংগঠন দুটি বলছে, তা সত্ত্বেও আইসিসি তার বিচারের পরিধি বিস্তৃত করতে পারে। ২০০৯ সালে ফিলিস্তিনি নেতৃত্ব আইসিসিতে একটি ঘোষণা দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে আইসিসি রোম সংবিধির ১২ (৩) অনুচ্ছেদ অনুযায়ী অধিকৃত এলাকায় সংঘটিত ‘অপরাধ’ তদন্তের ব্যবস্থা নিতে পারে। দ্য গার্ডিয়ান।