অধিকৃত ফিলিস্তিনে আরও বাড়ি নির্মাণের প্রস্তাব অনুমোদন
অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের নাগরিকদের জন্য এক হাজারের বেশি বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। জেরুজালেমে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হওয়ার মাত্র তিন দিন আগে বাড়ি নির্মাণের এ খবর জানাল ইসরায়েল।
ইসরায়েলের গৃহায়নমন্ত্রী উরি অ্যারিয়েল বলেছেন, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এসব বাড়ি নির্মাণ করা হবে। ফিলিস্তিনিদের আপত্তির মুখে ২০১০ সালের সেপ্টেম্বরে অধিকৃত ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণের প্রক্রিয়া বন্ধ হয়। নতুন বাড়ি নির্মাণের সিদ্ধান্ত শান্তি আলোচনাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
অ্যারিয়েল বলেন, পূর্ব জেরুজালেমে প্রায় ৮০০ এবং পশ্চিম তীরে প্রায় ৪০০ বাড়ি তৈরি করা হবে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘কোথায় বাড়ি তৈরি করা হবে আর কোথায় হবে না, সে ব্যাপারে কোনো দেশ অন্য দেশের কাছ থেকে নির্দেশনা নেয় না।’
ইসরায়েলের বসতি নির্মাণ বন্ধ না হলে ফিলিস্তিন শান্তি আলোচনায় ফিরবে না, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই ঘোষণা দিলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মধ্যস্থতা শুরুর পর তিনি নমনীয় হয়েছিলেন। বিবিসি।