অনন্য 'অ্যানিমেল ডিপ্লোমেসি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুশকিনা: নিকিতা ক্রুশ্চেভের এই উপহারটি প্লেনে চেপে পৌঁছেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে জন এফ কেনেডির কাছে
পুশকিনা: নিকিতা ক্রুশ্চেভের এই উপহারটি প্লেনে চেপে পৌঁছেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে জন এফ কেনেডির কাছে

‘অ্যানিমেল ডিপ্লোমেসি’ বলে একটা কথা আন্তর্জাতিক সম্পর্কবিদ্যায় বেশ চালু আছে। পাঠক, মনে পড়ে গেছে নিশ্চয়ই। তত্ত্বাবধায়ক সরকারের আমলে মইন উ আহমেদ যখন ভারতে গিয়েছিলেন, তখন তাঁকে ছয়টি ঘোড়া উপহার দিয়েছিলেন ভারতীয় সেনাপ্রধান দীপক কাপুর।

কিন্তু এই অ্যানিম্যাল ডিপ্লোমেসির সূচনা হলো কবে, আর কারাই বা বৈরী দেশের সঙ্গে বন্ধুত্ব পাতাতে এই চালটি বেছে নিয়েছিলেন?

ইতিহাস বলে, শক্তি প্রদর্শন ও কূটনৈতিক স্বার্থে জীবজন্তুর ব্যবহার হচ্ছে খ্রিষ্টের জন্মের আগে থেকে। রোমে সিংহ, বাঘ ও অন্যান্য হিংস্র পশুর সঙ্গে যুদ্ধ করে শক্তি প্রদর্শনের একটা প্রচলন ছিল। কখনো বা হিংস্র জন্তুকে পরাজিত করে রোমের পথে পথে শাসকেরা বীরদর্পে হেঁটে বেড়াতেন। সাধারণ মানুষকে তাঁরা বোঝাতে চাইতেন, একজন শক্তিশালী শাসক বা বীরের কাছে হিংস্র জন্তু নতিস্বীকার করতে বাধ্য।

কত জীবজন্তু যে তাঁদের ছিল, এর লেখাজোখা নেই। ঐতিহাসিকেরা বলছেন, সম্রাট ট্রাজানের প্রতিপালিত জন্তু জানোয়ারের সংখ্যা ছিল ১১ হাজার, আর অক্টাভিয়াস অগাস্টাসের ছিল সাড়ে তিন হাজার প্রাণী। এই বাহিনীতে গন্ডার, জলহস্তীর পাশাপাশি ছিল ৪২০টি বাঘ এবং ২৬০টি সিংহ।

ধারণা করা হয়, মিসরের ক্লিওপেট্রার কাছ থেকে রোমের জুলিয়াস সিজার উপহার পেয়েছিলেন জিরাফ। জিরাফ বিনিময় চলেছে এর পরও।  মিসরীয় শাসকেরা বাইজান্টাইন শাসক নবম কনস্টানটাইন (১০২৪-৫৫), পবিত্র রোমান সম্রাট দ্বিতীয় ফ্রেডেরিককে জিরাফ পাঠিয়েছিলেন।  ফ্রেডেরিক শুভেচ্ছা জানিয়েছিলেন শ্বেত ভালুক পাঠিয়ে।

এ তো গেল শত শত বছর আগের কথা। চীনে কিন্তু এখনো কুটনীতির অন্যতম অনুষঙ্গ পান্ডা। ১৯৭২ সালে প্রেসিডেন্ট নিক্সনের চীন সফরের সময় সে দেশের সরকার তাঁকে দুটি পান্ডা উপহার দিয়েছিল। লোভ সামলাতে না পেরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ পান্ডা নিয়ে তাঁর আগ্রহের কথা প্রকাশ করে ফেলেন। দুবছর পর তাঁর বাড়ি পৌঁছে যায় দুটি পান্ডা। উপহার হিসেবে নানা দেশ থেকে পাওয়া জন্তু জানোয়ারের সংখ্যার দিক থেকে পিছিয়ে নেই রানি এলিজাবেথও। 

কিন্তু এই পশু কীভাবে দুদেশের সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখে, তা বোঝাতে ফিরে যেতে হবে সেই স্নায়ুযুদ্ধের সময়ে। ঐতিহাসিক মার্টিন স্যান্ডলার বিবিসিকে বলেছেন, ৫০ বছর আগে হোয়াইট হাউসে পুশকিনার প্রবেশ ঘটল কীভাবে। স্যান্ডলার এই তথ্য পেয়েছেন আবার কেনেডির মেয়ে ক্যারোলিন কেনেডি। তিনি জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ক্যারোলিন বলছিলেন, ‘ভিয়েনায় রাষ্ট্রীয় নৈশভোজে আমার মা নিকিতার পাশেই ছিলেন। হঠাত্ তিনি স্ট্রেলকার প্রসঙ্গ টেনে আনলেন। আর তারপর স্ট্রেলকার ছেলেপেলেদের কথা তুললেন। কয়েক মাস পরই একটা কুকুর এসে পৌঁছল আমাদের বাড়ি। পুশকিনাটা যে কি দারুণ সুন্দর আর তুলতুলে ছিল।’

স্ট্রেলকা হলো সেই কুকুরটি, যে মহাশূন্যে পাড়ি দিয়েছিল, জীবিত ফিরেও এসেছিল। স্ট্রেলকাকে মহাশূন্যে পাঠানোর পেছনেও একটা গল্প আছে। মার্কিন প্রেসিডেন্ট কেনেডি যখন বলেছিলেন ১৯৬০ সালের শেষ দিকে চাঁদে মানুষ পাঠাবেন, প্রায় সে সময়েই স্ট্রেলকা আর বেলকা নামের দুটো কুকুর মহাশূন্যে পাঠিয়েছিল সোভিয়েতরা। উদ্দেশ্য ছিল একটাই, মার্কিনদের দেখানো যে মহাশূন্য প্রতিযোগিতায় সোভিয়েতরা কত এগিয়ে আছে।

পুুশকিনাকে উপহার দেওয়ায় দুদেশের মধ্যকার স্নায়ুযুদ্ধ যে শেষ হয়ে গিয়েছিল, তা কিন্তু নয়। কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়া গিয়েছিল। ভিয়েনা সম্মেলনের ১৬ মাস পর মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন একেবারে পারমাণবিক যুদ্ধের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন ওয়াশিংটনের দিকে তাক করে বসিয়েছিল পারমাণবিক ক্ষেপণাস্ত্র। শেষ পর্যন্ত ক্রুশ্চেভ ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করে ফেলেন। কেনেডিও কিউবা দখলের পরিকল্পনা থেকে সরে আসেন। বিবিসি অনলাইন ও হাফিংটন পোস্ট।