অনলাইনে ইংরেজি পত্রিকা চালুর প্রস্তুতি নিচ্ছে আল-কায়েদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার নেতারা তাঁদের সংগঠনের প্রচারণার জন্য প্রথম অনলাইন পত্রিকা চালু করার প্রস্তুতি নিচ্ছেন। এর ভাষা হবে ইংরেজি। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইউরোপের অভ্যন্তরে তাঁদের নতুন সদস্য সংগ্রহে সহায়তা করতে পারে। ইন্সপায়ার নামে এই পত্রিকার প্রচারণা এর মধ্যে শুরু করেছে আল-কায়েদা। প্রচারণায় বলা হচ্ছে, ইসলামি দেশগুলোর জন্য পত্রিকাটি হবে বিশেষ উপহার। যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন বিভাগের কর্মকর্তা ও সন্ত্রাস বিশ্লেষকেরা বলছেন, আল-কায়েদার ইয়েমেন শাখা পত্রিকাটি চালাবে। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের একটি বিমানে ব্যর্থ বোমা হামলার ষড়যন্ত্রের সঙ্গে এই শাখা জড়িত বলে অভিযোগ রয়েছে। আল-কায়েদার অনলাইন পত্রিকা চালুর প্রস্তুতি এই আভাস দিচ্ছে যে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর মানবহীন বিমান হামলায় তাদের অভ্যন্তরভাগ দুর্বল হয়ে পড়ায় শক্তি বাড়াতে তারা নতুন কৌশল নিয়েছে। বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী যুদ্ধের নেতৃত্বে থাকা খোদ যুক্তরাষ্ট্রের ভেতরে বসেই তারা সংগঠনে নতুন সদস্য নেওয়ার কথা ভাবছে। মার্কিন কর্মকর্তারা এর মধ্যে টের পেয়েছেন যে, দেশের ভেতর সন্ত্রাসীদের তৎপরতা হঠাৎ বেড়ে গেছে। এ ব্যাপারে সাবেক সিআইএ কর্মকর্তা ও ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশেষজ্ঞ ব্রুস রিডেল বলেন, এটি পরিষ্কার যে, আল-কায়েদার এই নতুন প্রকাশনার লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের ভেতরে থাকা উচ্চাভিলাষী জিহাদিরা, যারা হতে পারে ফোর্ট হুড এলাকার পরবর্তী হত্যাকারী বা টাইমস স্কয়ারের বোমা হামলাকারী। আল-কায়েদা এখনো কোনো বার্তা প্রচারে আরবি ওয়েবসাইটগুলোর ওপর নির্ভর করে থাকে। এপি অনলাইন।