অনশনরতকে জোর করে খাওয়ানো হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের সামনে অনশনরত একজন মানবাধিকারকর্মীকে জোরপূর্বক খাওয়ানো হয়েছে। গুয়ানতানামো বে কারাগারে অনশনরত বন্দীদের যে পদ্ধতিতে খাওয়ানো হচ্ছে, তা নির্যাতনের সমতুল্য—এ দাবিতে মার্কিন নাগরিক অ্যান্ড্রেস টমাস কন্টারিস ৬১ দিন ধরে হোয়াইট হাউসের সামনে অনশন করে আসছেন।
অ্যান্ড্রেস কন্টারিস দীর্ঘ অনশনে দুর্বল হয়ে পড়েছেন। অনশনের কারণে প্রায় ২২ কেজি ওজন কমেছে তাঁর। গত শুক্রবার নলের মাধ্যমে নাকের ভেতর দিয়ে তাঁর পেটে পুষ্টিকর বস্তু প্রবেশ করানো হয়। এরপর প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্দেশে কন্টারিস বলেন, ‘আপনি এই নির্যাতন বন্ধ করুন। আপনার সেই ক্ষমতা আছে। এ জন্য আপনার কংগ্রেসের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার দরকার নেই। আপনিই সর্বাধিনায়ক।’ এএফপি।