অনশনে ২২২ দিন
‘আমার স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়েছে। তার পরও আমি আমার অনশন চালিয়ে যাব: হয় বিজয় আসবে, না হয় মৃত্যু। ...নিপীড়ক শাসকদের দিকে ছুড়ে মারার জন্য এটাই আমার কাছে শেষ পাথরখণ্ড।’ ৩ মার্চ দ্য গার্ডিয়ান পত্রিকায় একটি লেখায় এমন কথাই বলেছেন ফিলিস্তিনি তরুণ সমির ইশায়ি। ওই লেখার সূত্র ধরে ৮ মার্চ গালফ নিউজ তাঁকে নিয়ে প্রতিবেদন করে।সমির এখন ইসরায়েলের কারাগারে বন্দী। দেশটির বিভিন্ন কারাগারে সমিরের মতো অসংখ্য ফিলিস্তিনিকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে। ইসরায়েলের নিপীড়নের প্রতিবাদে আমরণ অনশন শুরু করেছেন সমির। ৮ মার্চ অনশনের ২২২ দিন হয়ে গেল। তবু হাল ছাড়তে চান না সমির। ইসরায়েলের বর্বর অনির্দিষ্টকালের ‘প্রশাসনিক আটক’ নীতির বিরুদ্ধে প্রতিবাদের এক প্রতীক হয়ে উঠেছেন তিনি। ইসরায়েল একটি বদ্ধ সামরিক আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতে এভাবেই ফিলিস্তিনিদের আটকে রাখছে। দেশটির দাবি, সম্ভাব্য হামলা ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সমির চান, হয় তাঁদের আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হোক, না হয় একটি নিরপেক্ষ বিচারের মুখোমুখি করা হোক। এই দুই বিকল্পের একটা না করা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।ইশায়ির বোন জানান, দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে যাওয়ায় সমির দুর্বল হয়ে পড়েছেন। মাঝেমধ্যে চেতনা হারিয়ে ফেলছেন। তাঁর হাত-পাসহ দেহের অনেক অঙ্গপ্রত্যঙ্গ অনেকটা অকেজো হয়ে গেছে। সমির ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর জেরুজালেমের উত্তর-পূর্বাঞ্চলীয় ইশায়িহ এলাকায় জন্ম নেন। ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন-এর সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। একটি অবৈধ সংগঠনের সদস্যপদ, হত্যাচেষ্টা ও বিস্ফোরক রাখার অভিযোগে ২০০২ সালের এপ্রিলে গ্রেপ্তার করে তাঁকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে ১০ বছর জেল খাটার পর মিসরের মধ্যস্ততায় ইসরায়েল-হামাস বন্দিবিনিময় চুক্তির আওতায় তিনি মুক্তি পান। তবে মুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে ২০১২ সালের ৭ জুলাই আবার তাঁকে আটক করে ইসরায়েল।সমিরের এই অনশন কর্মসূচি অনেককে নাড়া দেয়। গত কয়েক সপ্তাহে ইসরায়েলের একটি সামরিক কারাগারের বাইরে এবং পশ্চিম তীরে সহিংস বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এ অনশনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সমির বলছেন, ‘আমার হূদ্যন্ত্র থেমে গেলে কষ্ট পাবেন না। ...কারণ ইসরায়েলের দখল করা জেরুজালেম আমার শিরায় শিরায় প্রবাহিত। আমি যদি মারা যাই, সেটা বিজয়; যদি আমরা মুক্তি পাই, সেটাও বিজয়। গালফ নিউজ।