অনশনের হুমকি চীনা স্বজনদের
নিখোঁজ মালয়েশিয়ার বিমানে থাকা চীনা যাত্রীদের স্বজনেরা এবার অনশনের হুমকি দিয়েছেন। তাঁরা আর কোনো আশার বাণী শুনতে চান না। নিখোঁজ বিমান সম্পর্কে সঠিক জবাব চান তাঁরা। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।
আজ মঙ্গলবার বেইজিংয়ের একটি হোটেলে মালয়েশীয় এয়ারলাইনসের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে এমনটি জানান নিখোঁজ এক যাত্রীর বাবা ওয়েন ওয়ানচেং।
বৈঠক শেষে ওয়েন বলেন, ‘১১ দিন ধরে উদ্ধার তত্পরতা চললেও নিখোঁজ যাত্রীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ কারণে স্বজনেরা খুব উদ্বিগ্ন ও আশাহত। তাঁদের জন্য নতুন কোনো খবর নেই। তাঁরা শিগগিরই অনশনে যাওয়ার ঘোষণা দেবেন।’
ওয়েনের ছেলে নিখোঁজ ওই বিমানের একজন যাত্রী ছিলেন। এ ছাড়া বিমানযাত্রীদের দুই-তৃতীয়াংশই ছিলেন চীনা নাগরিক।
বৈঠকে চীনে নিযুক্ত মালয়েশীয় রাষ্ট্রদূত উপস্থিত না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ওয়েন বলেন, ‘বৈঠকে তাঁর থাকা উচিত ছিল।’
এখনো স্বজনদের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন অনেকে। বেইজিংয়ে ওই হোটেলে প্ল্যাকার্ড নিয়ে স্বজনদের অপেক্ষায় রয়েছেন এক নারী। তাঁর হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘জীবনকে সম্মান করুন। আমাদের পরিবারের লোকজন ফিরিয়ে দিন।’
নাম প্রকাশ না করে ওই নারী বলেন, ‘যেহেতু বেঁচে থাকা মানুষের কোনো তথ্য মালয়েশীয় কর্তৃপক্ষ জানাতে পারছে না, তাই আমরা এর প্রতিবাদ জানাই। আমরা শিগগিরই অনশনে যাচ্ছি।’ নিখোঁজ যাত্রীদের স্বজনেরা মানসিক যন্ত্রণায় ভুগছেন বলেও জানান ওই নারী।