অনাস্থা প্রস্তাবের পক্ষে শরিক খুঁজছেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার শীতকালীন অধিবেশন আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে। এদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস খুচরা ব্যবসায় বিদেশি পুঁজি বিনিয়োগের (এফডিআই) প্রতিবাদে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে।গত শনিবার কলকাতায় এক সাংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার ৫৪৫ আসনের মধ্যে এখন তৃণমূলের মাত্র ১৯ জন পার্লামেন্ট সদস্য রয়েছেন। অথচ পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনতে প্রয়োজন অন্তত ৫০ জন সদস্যের স্বাক্ষরসহ আবেদন। মমতা এখন এ লক্ষ্যে তাঁর শরিক খোঁজার কাজ শুরু করেছেন।মমতা এখন অনাস্থা প্রস্তাবের পক্ষে সমর্থন আদায়ে মাঠে নেমেছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, লোকসভায় এখন ইউপিএর পক্ষে রয়েছে ২৫৯ জন পার্লামেন্ট সদস্যের সমর্থন। আর এনডিএ মমতার পাশে দাঁড়ালেও তাঁর পক্ষে ১৭৯ সদস্য পাবেন। তাই রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটি হলেও মমতার অনাস্থা প্রস্তাব টিকবে না।মমতা অনাস্থা প্রস্তাবের পক্ষে সমর্থন আদায়ের জন্য চিরপ্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট এবং পুরোনো শরিক বিজেপির প্রতি আহ্বান জানিয়েছেন। বাম দল বলেছে, লোকসভায় এফডিআই নিয়ে আলোচনা হলে তাতে যোগ দেবে তারা। এমনকি এফডিআই প্রশ্নে ভোটাভুটি হলেও তারা এফডিআইয়ের বিরুদ্ধে ভোট দেবে। তবে ইউপিএ সরকারকে ক্ষমতাচ্যুত করতে কোনো আস্থা ভোটে অংশ নেবে না।অন্যদিকে বিজেপি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তারা মমতার প্রস্তাবের পক্ষে থাকবে, না নিজেরাই এই অনাস্থা প্রস্তাব আনবে—তা পরিষ্কার নয়। তবে রোববার কলকাতায় বিজেপির প্রবীণ নেতা মুরলি মনোহর যোশী কলকাতা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, মমতার অনাস্থা প্রস্তাবে আস্থা নেই বিজেপির। অন্যদিকে মুলায়ম সিংয়ের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজ পার্টিই মূলত বাইরে থেকে সমর্থন দিয়ে ইউপিএ সরকারকে টিকিয়ে রেখেছে। তারাও জানিয়ে দিয়েছে, এফডিআই প্রশ্নে আলোচনা এবং ভোটাভুটি হলে তারাও এফডিআইয়ের বিরুদ্ধে ভোট দেবে।কংগ্রেস বলেছে, মাত্র ১৯ পার্লামেন্ট সদস্য নিয়ে মমতা অনাস্থা প্রস্তাব কীভাবে আনেন দেখা যাক। এ নিয়ে কংগ্রেস বিচলিত নয়।পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, মমতা এখন রাজ্য রাজনীতি অশান্ত করে তুলছেন। কংগ্রেস মমতার অনাস্থা প্রস্তাব আনার দিন রাজ্যজুড়ে ধিক্কার দিবস পালন করবে।