অনাস্থা ভোটে উতরে গেলেন আপিসিত ভেজ্জাজিওয়া
থাইল্যান্ডের পার্লামেন্টে গতকাল বুধবার অনুষ্ঠিত অনাস্থা ভোটে খুব সহজেই উতরে গেলেন প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া। মানবাধিকার লঙ্ঘন ও সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলন দমনে চালানো সেনা অভিযানে নিষ্ঠুরতা প্রদর্শনের অভিযোগে বিরোধীরা গতকাল পার্লামেন্টে ওই অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। কিন্তু নিম্নকক্ষে শক্ত অবস্থানে থাকা প্রধানমন্ত্রী ভেজ্জাজিওয়ার ক্ষমতাসীন ছয়দলীয় জোট খুব সহজেই সেই অনাস্থা প্রস্তাব উতরে যায়।৪৭৫ আসনের পার্লামেন্টে প্রস্তাবটি ২৪৬-১৮৬ ভোটে নাকচ হয়ে যায়। অনাস্থা প্রস্তাব থেকে বাঁচার জন্য ভেজ্জাজিওয়ার দরকার ছিল ২৩৮টি ভোট। পার্লামেন্টে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাপন্থী বিরোধী দলের আসনসংখ্যা ২০০টি। সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের সময় সেনাবাহিনীর দমন অভিযান নিয়ে পার্লামেন্টে চলা দুই দিনব্যাপী বিতর্ক অনুষ্ঠানের পর এই অনাস্থা ভোট অনুষ্ঠিত হলো। বিতর্ক চলাকালে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী ভেজ্জাজিওয়া বলেন, সেনা অভিযানের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত অনুষ্ঠানে তাঁর কোনো আপত্তি নেই। তদন্তে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। তদন্তে যা-ই বের হয়ে আসুক না কেন, তিনি সেটা মেনে নেবেন। তিনি পার্লামেন্টকে আরও বলেন, ওই আন্দোলনে অনেক লোকের প্রাণহানি হয়েছে। কাজেই ওই ঘটনায় সরকার বা বিরোধী কোনো পক্ষই বিজয় দাবি করতে পারবে না।থাইল্যান্ডে লালশার্ট পরা সরকারবিরোধীদের ১০ সপ্তাহের আন্দোলনে বেশ কয়েকবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সৈন্যরা বিক্ষোভকারীদের ওপর কয়েক দফা গুলিও চালায়। এতে ৮৯ জন নিহত ও কমপক্ষে এক হাজার ৯০০ জন আহত হন। ১৯ মে রাজধানী ব্যাংককের দুটি বাণিজ্যিক এলাকায় সেনাবাহিনী নির্মমভাবে দমন অভিযান শুরু করলে বিক্ষোভকারীরা রণে ভঙ্গ দেয়। অবসান হয় সরকারবিরোধী আন্দোলনের। এএফপি।