অনাস্থা ভোটে উতরে গেলেন নাওতো কান
জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে অনাস্থা ভোটে জয়ী হয়েছেন। গত ১১ মার্চ সে দেশে আঘাত হানা ভূমিকম্প ও সুনামির প্রভাবে পারমাণবিক বিপর্যয়ের ঘটনায় কানের সরকার কঠিন পরিস্থিতির মুখে পড়ে। এ পরিস্থিতি মোকাবিলায় কানের ভূমিকা নিয়ে পার্লামেন্টের এমপিরা তীব্র সমালোচনা করেন। এর পরিপ্রেক্ষিতে এ অনাস্থা ভোট আনা হয়। পার্লামেন্টে কানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও দুটি ছোট দল। ২৯৩-১৫২ ভোটে অনাস্থা প্রস্তাব নাকচ হয়ে যায়।নাওতো কান গত জুনে ক্ষমতায় আসেন। গত পাঁচ বছরের মধ্যে তিনি জাপানের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অনাস্থা ভোটের আগে কান বলেছিলেন, দেশের সংকটজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি পদত্যাগ করবেন। দলের জ্যেষ্ঠ নেতারা কানের বিরোধিতা করছিলেন। পরিণতিতে ক্ষমতা থেকে কানের সরে দাঁড়ানোর ঘটনা ঘটতে পারত।শেষ মুহূর্তে কান তাঁর দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) এমপিদের বলেন, ‘দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় যে কাজ করে যাচ্ছি, এতে নির্দিষ্ট কিছু দায়িত্ব পালনের পর নতুন প্রজন্মের কাছে বিভিন্ন দায়িত্ব অর্পণ করব।’প্রধানমন্ত্রী বলেন, ১১ মার্চের পর প্রায় এক লাখ দুর্গত মানুষের মধ্যে বেশির ভাগ এখনো বিভিন্ন আশ্রয়শিবিরে বাস করছে। চলতি গরমকালের মাঝামাঝি সময়ের মধ্যে তাদের জন্য অস্থায়ী ঘরবাড়ি নির্মাণ করা সম্ভব হবে। তবে আরও বড় পরিসরে পুনর্গঠন কাজে কয়েক বছর লেগে যেতে পারে। এএফপি, বিবিসি।