অনিতার অনন্য প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর নববধূর আক্কেল গুড়ুম! শ্বশুরবাড়িতে কোনো শৌচাগারই নেই। দিব্যি খোলা জায়গায় প্রাকৃতিক কাজ সারছে সবাই। কয়েক দিনের মধ্যে তাঁর মন উঠে গেল। না, এমন বাড়িতে আর নয়। শৌচাগার না হওয়া পর্যন্ত আর ফিরবেন না বলে তিনি চলে গেলেন বাপের বাড়ি।এই সাহসী বধূটি হলেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি গ্রামের অনিতা নারে। শৌচাগার হওয়ার পর তবেই তিনি শ্বশুরবাড়ি ফেরেন। গতকাল বৃহস্পতিবার কর্মকর্তারা এ কথা জানান।খোলা স্থানে আর প্রাকৃতিক কাজ নয়—এমন ‘শৌচাগার বিপ্লব’ ঘটানোর জন্য অনিতাকে পুরস্কৃত করা হয়েছে। সুলভ ইন্টারন্যাশনাল নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে ১০ হাজার মার্কিন ডলার দেওয়া হয়েছে।গত বছরের মে মাসে মজুর শিবরামের সঙ্গে অনিতার বিয়ে হয়। শিবরামদের বাড়িতে স্বাস্থ্যসম্মত কোনো শৌচাগার ছিল না। এ কারণে অনিতা কিছুদিন পর শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান। পরে স্থানীয় কর্মকর্তাদের সহায়তায় শিবরাম বাড়িতে পাকা শৌচাগার বানালে অনিতা স্বামীর ঘরে ফেরেন।মধ্যপ্রদেশের ওই এলাকার জেলা ম্যাজিস্ট্রেট বি চন্দ্রশেখর বলেন, এলাকায় আগেই বিনা মূল্যে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় লোকজন তা নাকচ করে দেয়। তারা মনে করত, বাড়ির ভেতর শৌচাগার থাকাটা নোংরামি। এর চেয়ে ঝোপঝাড়ে কাজ সারাই ভালো।সুলভ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা বিন্দেশ্বর পাঠক বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে অনেক নারীকেই রাতের আঁধার নামা পর্যন্ত অপেক্ষা করতে হতো। অনিতার ‘শৌচাগার বিপ্লব’ তাদের সে দুর্গতি ঘুচিয়েছে। এএফপি।