অনিন্দ্যর ক্রিকেটেই আনন্দ

কানাডা কাপ ২০১৮ এর বিজিত দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান অনিন্দ্য দাস। কানাডার অন্টারিও প্রাদেশিক দলের হয়ে অনূর্ধ্ব-১৭ কানাডা কাপে খেলেন অনিন্দ্য।
দেশটির সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের জন্য কানাডা কাপ খেলার সুযোগ পাওয়া মানে নিজেকে ক্রিকেটার হিসেবে তৈরির প্রথম ধাপে উত্তীর্ণ হওয়ার মতো। গত জুলাই মাসে বিভিন্ন প্রাদেশিক দল নিয়ে ভ্যাঙ্কুভার শহরে এই ক্রিকেট কাপের আসর বসে। টুর্নামেন্টে অনিন্দ্যদের দল অন্টারিও গ্রিন রানারআপ হয়। মাত্র পাঁচ বছর হলো ময়মনসিংহ শহরের আমলাপাড়া থেকে কানাডায় অভিবাসী হয়ে এসেছে অনিন্দ্যদের পরিবার। তার এই নজরকাড়া সাফল্য প্রেরণা জোগাচ্ছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের। সম্প্রতি টরন্টোর ফেয়ারট্রি ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনের ফাঁকে প্রথম আলোকে শোনালেন ক্রিকেট নিয়ে সংগ্রামের গল্প।
শুরুতেই তার কাছে জানতে চাই অন্টারিও দলের হয়ে কানাডা কাপ খেলার অভিজ্ঞতার কথা। অনিন্দ্য বললেন, ‘ক্রিকেট আমার আবেগ, ভালোবাসার জায়গা। খেলাকে আমি শতভাগ উপভোগ করি, মনেপ্রাণে লালন করি। ২০১৫ সালে সাইনল ক্রিকেট ক্লাব দিয়েই এ দেশে ক্রিকেটার হওয়ার স্বপ্নের শুরু হয়েছিল। বর্তমানে অ্যাকশন জোন ক্রিকেট ক্লাবের তালিকাভুক্ত খেলোয়াড় হিসেবেই অন্টারিও গ্রিন দলে আমার ডাক আসে। ক্লাব পর্যায়ে ভালো করার এমন সুযোগ পেয়েছি। অন্টারিও ফার্স্ট ডিভিশন ক্রিকেটে ভালো করলে চোখ পড়ে নির্বাচকদের। নানা বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত হয় অন্টারিও রেড ও গ্রিন দল। আমার সৌভাগ্য খেলার সুযোগ পেয়েছি।’
কানাডা ক্রিকেটের আশি ভাগ খেলা, খেলোয়াড় মূলত তৈরি হয় অন্টারিও প্রদেশ থেকে। আর তাই অন্টারিও দলের হয়ে খেলা অনেক আশাজাগানিয়া বিষয় বলে মনে করেন ক্রিকেট অনুরাগীরা। কানাডা জাতীয় ক্রিকেট দলের নব্বই শতাংশ খেলোয়াড় অন্টারিও থেকেই স্থান পায়। দেশটির বিভিন্ন প্রদেশে ক্রিকেট জনপ্রিয় হলেও অন্টারিও প্রদেশ মূলত ক্রিকেট খেলা ধরে রেখেছে।
অনিন্দ্যর বাবা সনৎ দাস মিন্টু একসময় ক্রিকেট খেলতেন। ছেলের খেলার প্রতি তাই তাঁর বাড়তি মনযোগ। ছেলে সম্পর্কে বাবার সরল প্রতিক্রিয়া।’ আমার ছেলের ধ্যান-জ্ঞানই ক্রিকেট। বাসায় বসার ঘর কিংবা বারান্দায় বল না হয় ব্যাট কিছু একটা তো নিয়ে আছেই। ওর একাগ্রতা, চেষ্টার প্রতি পূর্ণ সহযোগিতা করার চেষ্টা করছি। আমার ছেলে কানাডা কাপ ক্রিকেটে খেলেছে। সামনে আরও ভালো করতে চায়। বাবা হিসেবে আমি খুবই গর্বিত।’
অনিন্দ্যর মা বিভা নাগ জানালেন, কুমিল্লার কান্দিরপাড় এলাকায় দাদুর বাড়িতে তাদের দুই ছেলে অনিন্দ্য ও অরিন্দমের জন্ম ও বেড়ে ওঠা। অনিন্দ্য ক্লাস সেভেনে পড়ার সময় তারা কানাডায় পাড়ি দেন। আরও বললেন, ‘অনিন্দ্যর ইচ্ছাকেই আমরা প্রাধান্য দিয়েছি। স্কুল থেকে সহযোগিতা পায়। পড়াশোনায় অসুবিধা হচ্ছে না। স্কুলের পরীক্ষার সময় খেলা পড়ে গেলে তাকে আলাদাভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিচ্ছে স্কুল।’
ফার্স্ট বোলার, ডানহাতি ব্যাটসম্যান, অনিন্দ্য ফিল্ডিংয়েও নিজেকে শতভাগ উজাড় করে দেন। ক্লাবে তাকে জন্টি রোডস বলেই ডাকেন সতীর্থরা। কানাডা কাপের রানারআপ অন্টারিও ক্রিকেট গ্রিন দলের কোচ শেরিফ বৌধর কাছে অনিন্দ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ও খুব পরিশ্রমী খেলোয়াড়। একটা দলের অলরাউন্ডার হিসেবে যে সামর্থ্য থাকা দরকার তাঁর সব কটি ওর আছে। আশা করছি, সামনে অনিন্দ্য আরও ভালো করবে।’
টরন্টোর অ্যাকশন জোন ক্রিকেট একাডেমির উদ্যোক্তা ও কোচ কানাডা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জায়ন থুরাইসিয়াম। তাঁর কাছেই ক্রিকেটের তালিম নিচ্ছেন অনিন্দ্য। শিক্ষার্থীকে নিয়ে খুবই আশাবাদী কোচ সঞ্জায়ন। বললেন, ‘ক্রিকেটে ভালো করার সামর্থ্য, একাগ্রতা আছে এই ছেলের মাঝে। তাকে দিয়ে ভালো কিছু হবে বলেই আমার বিশ্বাস।’
খেলা নাকি পড়াশোনা ব্যস্ততা কোনদিকে বেশি? মুচকি হেসে অনিন্দ্য বললেন, ‘সত্যি কথা বলতে কি, দুটো দিকেই আমি প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। ওবার্ন কলেজিয়েট ইনস্টিটিউট ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসেবে খেলছি। স্কুল ক্রিকেটার হিসেবে আমার ওপর আলাদা নজর দেয়। পড়াশোনায় ক্ষতি হচ্ছে না।’
পড়াশোনার পাশাপাশি নানা স্বেচ্ছাসেবামূলক কাজেও নিজেকে জড়িত রেখেছে এই কিশোর। অনূর্ধ্ব ১৮ পর্যন্ত কানাডা কাপ খেলা যায়। সেই হিসেবে সামনেও খেলতে পারে অনিন্দ্য। তবে তার চোখ অন্য জায়গায়। বললেন, ‘আমার প্রচেষ্টা দিনদিন ভালো করা। ধারাবাহিকতা রেখে খেলতে পারলে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে কানাডা জাতীয় দলে জায়গা করে নিতে চাই। জানি, খুব কঠিন হবে। তবে আমার চেষ্টার কোনো কমতি থাকবে না।’
কান্দিরপাড় খেলার মাঠ কী টানে? ‘আমি খুবই মিস করি সহপাঠী বন্ধুদের। স্কুল ছাড়া বাকি সময় ব্যাট বল নিয়ে মাঠেই থাকতাম। সেখানে টুর্নামেন্ট খেলা হয়নি আমার। পাড়ার মাঠে খেলার মজাই আলাদা। বড় ছোট সবাই মিলে খেলতাম’ বলেন অনিন্দ্য।
শেষ প্রশ্ন ছিল তার জার্সির নম্বর কেন ৭৫? তার সোজা উত্তর, ‘বিশ্বসেরা অলরাউন্ডারের নম্বর এটি। কানাডা কাপের স্কোয়াডে জায়গা পেয়েই জানিয়েছি জার্সি নম্বর হবে ৭৫। আমার প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান।’
বাংলাদেশি কানাডিয়ান হিসেবে অনিন্দ্যের এই সাফল্যে দেশটিতে বসবাসরত বাঙালিরা খুবই উচ্ছ্বসিত। তাঁর এই সাফল্য প্রেরণা জোগাবে সেখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশিদের।