ভারতের বহুল আলোচিত ২জি স্পেকট্রাম কেলেঙ্কারি ঘটনায় রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। তদন্ত সংস্থাটি গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে এ কথা জানিয়েছে। অনিল আম্বানি ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ভাই। তদন্ত সংস্থাটি জানিয়েছে, ওই দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন লাইসেন্স (২জি স্পেকট্রাম) কেলেঙ্কারির ঘটনার প্রকৃত সুবিধাভোগীদের মুখোশ উন্মোচন করতে তারা তদন্ত আরও জোরদার করবে।বিশাল অঙ্কের ওই ঘুষ কেলেঙ্কারির ঘটনায় ভিডিওকন ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন ডেটাকমের ব্যাপারে সুপ্রিম কোর্টকে সিবিআই বলেছে, ডেটাকম লাইসেন্স পাওয়ার যোগ্য ছিল।লাইসেন্সের ব্যাপারে সহানুভূতি পেতে টাটা গ্রুপ ডিএমকে পরিবারকে জমি উপহার দিয়েছিল বলে যে অভিযোগ উঠেছিল, তা নাকচ করে দিয়ে তদন্ত সংস্থাটি বলেছে, সাবেক টেলিকম মন্ত্রী এ রাজার কাছ থেকে সুবিধা পায়নি টাটা টেলিসার্ভিস। টাইমস অব ইন্ডিয়া।