ভেনেজুয়েলায় হুগো চাভেজ-পরবর্তী প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন তাঁর আদর্শের সৈনিক নিকোলা মাদুরো। এরই মধ্যে বেশ কিছু দেশ মাদুরোর জয়কে স্বীকৃতি দিয়েছে। চলতি সপ্তাহেই তিনি শপথ নিতে পারেন। কিন্তু তা বিরোধীদের আন্দোলন থামাতে সক্ষম হবে কি না, অনেকের মনেই তা নিয়ে প্রশ্ন রয়েছে। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পরাজিত হেনরিক ক্যাপ্রিলেসের শিবির বিক্ষোভের ডাক দিয়েছে। তারা সব ব্যালট আবার গণনা করার দাবি জানাচ্ছে। এ অবস্থায় দেশটিতে বিরাজ করছে চরম উত্তেজনা। এরই মধ্যে নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ হারিয়েছে অন্তত সাতজন। আহত হয়েছে অনেক। এতে করে দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক অনিশ্চয়তা। অনেক দেশ ভেনেজুয়েলার নির্বাচনের ফলকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন তা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি বলেছেন, ‘বাকস্বাধীনতার ক্ষেত্রে ভেনেজুয়েলার নাগরিকদের অধিকারকে সম্মান জানাতে আমরা দেশটির সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’ কারনি আরও বলেন, নির্বাচনের ফলের বিষয়ে নাগরিকদের আশ্বস্ত করতে একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ার ব্যালট পুনর্নিরীক্ষণ করার দরকার রয়েছে।নির্বাচন-পরবর্তী সহিংসতার জন্য এক পক্ষ অপর পক্ষকে দায়ী করেছে। মাদুরো তাঁকে উৎখাতের ষড়যন্ত্র করা হচ্ছে বলে যে অভিযোগ তুলেছেন, তা বিরোধীপক্ষ ও যুক্তরাষ্ট্র নাকচ করে দিয়েছে। তবে কারও কারও মতে, বর্তমানে দেশটিতে যা ঘটছে, তার সঙ্গে ২০০২ সালে চাভেজকে অল্প দিনের জন্য উৎখাতের আগের পরিস্থিতির মিল রয়েছে।ভেনেজুয়েলার আগামী দিনগুলো নিয়ে শঙ্কা রয়েছে বিশ্লেষকদের মনে। লেখক ও রাজনীতিবিশ্লেষক জর্জ সিকারিয়েলো-মাহের বলেন, বর্তমানে যা করা হচ্ছে, তা দেশটিকে অস্থিতিশীল করার একটা চেষ্টা। এর মধ্য দিয়ে যদি সরকারকে উৎখাত না-ও করা যায়, তার পরও তা সরকারের ভাবমূর্তিকে নষ্ট করবে এবং ভবিষ্যতের নির্বাচনে তাদের পরাজিত করার দ্বার খুলে দেবে।