অনিশ্চয়তা কাটাতে সরকারকেই সবকিছু করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে যুক্তরাজ্যবাসী যে রায় দিয়েছেন, তা হতাশাজনক বলে মন্তব্য করেছেন দেশটির লেবার পার্টির এমপি রুশনারা আলী। বাংলাদেশি বংশোদ্ভূত এই এমপি বলেছেন, এই রায়ের ফলে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, তা দূর করতে এখন সরকারকেই সবকিছু করতে হবে।
গণভোটের রায়ের পর গতকাল শুক্রবার এক বিবৃতিতে রুশনারা আলী এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে যাঁরা অক্লান্ত কাজ করেছেন, তাঁদের আমি ধন্যবাদ দিতে চাই। আমি জানি, ইউরোপীয় ইউনিয়নে থাকলে যুক্তরাজ্য আরও নিরাপদ এবং আরও শক্তিশালী হতো বলে যাঁরা আমার মতো বিশ্বাস করেন, তাঁদের জন্য গণভোটের ফল গভীর হতাশাজনক।’ তিনি আরও বলেন, ‘এখানে, এই টাওয়ার হ্যামলেটে ৭০ শতাংশ এবং পুরো লন্ডনে ৬০ শতাংশ ভোটার ইইউতে থেকে যাওয়ার পক্ষে ভোট দিয়েছেন।’
রুশনারা আলী বলেন, গণভোটের আগে প্রচার-প্রচারণা এবং বিতর্কে মানুষ খুবই আগ্রহভরে অংশ নিয়েছিল। তারপরও এতে করে সমাজের অঞ্চল, শ্রেণি, বয়স ও প্রজন্মভেদে বিভাজন প্রকাশ হয়ে পড়ে। আমাদের এখন এ বিভাজন দূর করতে হবে। আমাদের দেশে থাকা বহু সম্প্রদায়ের মানুষগুলোকে একজোট করতে হবে। এই মহা অনিশ্চয়তা আর উদ্বেগ কাটিয়ে উঠতে সরকারকে অবশ্যই দেশের অর্থনীতি, জনগণের জীবন-জীবিকা ও আমাদের জনসেবা খাতকে রক্ষায় করণীয় সবকিছুই করতে হবে।’