অনিশ্চয়তায় মিসরের প্রেসিডেন্ট নির্বাচন
আরব বসন্তে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর নির্বাচিত পুরো পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করেছেন আদালত।এর ফলেসেনাবাহিনীর পার্লামেন্টের নিয়ন্ত্রণনেওয়ার সুযোগ তৈরি হলো।এদিকে মিসরের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন সংশয়ের মধ্যে পড়েছে। দেশটির একটি আদালত গতকাল বৃহস্পতিবার একটি আইন পর্যালোচনা শুরু করেছেন। ওই আইনে বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী আহমেদ শফিকের প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে।কাল শনিবার মিসরে প্রেসিডেন্ট পদে দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনে মোবারকের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি।মিসরের দ্য সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্ট গতকাল একটি আইন খতিয়ে দেখা শুরু করেছেন। ওই আইনে মোবারকের পতন হওয়া পর থেকে আগের ১০ বছরে তাঁর প্রশাসনে থাকা শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ করা হয়। শুধু শীর্ষপর্যায়ের কর্মকর্তাদেরই নয়, বর্তমানে নিষিদ্ধ মোবারকের দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির নেতাদেরও নির্বাচনে নিষিদ্ধ করা হয়। এই আইনের বৈধতা খতিয়ে দেখছেন আদালত।সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্ট এই আইনের বৈধতা নিশ্চিত করলে দ্বিতীয় দফার নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী আহমেদ শফিকের মনোনয়ন বাতিল হয়ে যাবে। মিসরের পার্লামেন্ট গত এপ্রিলে এই আইন পাস করে। নির্বাচন-প্রক্রিয়ার শুরুতে ওই আইনবলেই শফিকের প্রার্থিতা বাতিল করা হয়। তবে শফিক এর বিরুদ্ধে আপিল করলে নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বহাল রাখে। পাশাপাশি বিষয়টি আদালতে গড়ায়। আর এর শুনানি প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুই দিন আগে শুরু হলো সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্টে। ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের মুরসি ২৪ দশমিক ৭৮ শতাংশ ভোট পেয়ে প্রথম এবং ২৩ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়ে শফিক দ্বিতীয় হন। দুজনের কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। তাই আগামী শনিবার দ্বিতীয় দফার নির্বাচন হতে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আহমেদ শফিকের শিবির যখন আদালতের দিকে তাকিয়ে, তখন শেষ নির্বাচনী প্রচারাভিযানে মুরসি বৈষম্যহীন মিসর গড়ার অঙ্গীকার করেছেন। মুরসি বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধর্মীয়, জাতিগত বা লিঙ্গের ভিত্তিতে দেশে কোনো বৈষম্য থাকবে না। এএফপি।