অনুদানের অর্থে দামি উপহার
সন্ত্রাস দমন অভিযান পরিচালনার জন্য গোপনে আসছে মোটা অঙ্কের অর্থ। সেই অর্থ আসল কাজে না লাগিয়ে কর্মকর্তারা স্বজন, মন্ত্রী ও উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য দামি উপহার কেনায় ব্যয় করছেন। কেনা হচ্ছে বিয়ের আংটি, বিলাসবহুল গালিচা ও সোনার গয়নার মতো দামি জিনিস।
পাকিস্তানি কর্মকর্তাদের এসব কীর্তি দেশটির নিউজ পত্রিকার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে প্রাদেশিক সরকারগুলোর সমন্বয় সাধনের উদ্দেশ্যে ২০০০ সালে জাতীয় সংকট ব্যবস্থাপনা সেল (এনসিএমসি) গঠন করে দেশটির সরকার। ২০০১ সালে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর থেকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব পাকিস্তান সরকারকে তালেবান ও আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য কোটি কোটি ডলার অনুদান দেয়। ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে এনসিএমসি পাকিস্তান সরকারের কাছ থেকে ৪৩ লাখ মার্কিন ডলার (৩৩ কোটি ৪৪ লাখ ১১ হাজার টাকা) পেয়েছে।
ওই সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রেহমান মালিক। তিনি সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির একান্ত অনুগত ব্যক্তি হিসেবে পরিচিত।
নথিপত্রে পাওয়া তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, অর্থের রসিদে এসব অনুদানের কিছু অংশ গোয়েন্দা সূত্রগুলোকে অর্থ প্রদান, প্রাত্যহিক ব্যবস্থাপনা, যাতায়াত খরচ ও কর্মচারীদের ওভারটাইম বাবদ খরচ হিসেবে দেখানো হয়েছে। তবে মার্কিন ও ব্রিটিশ দূতাবাসের কর্মকর্তাদের জন্য উপঢৌকন এবং সাংবাদিকদের জন্য ফুল ও মিষ্টি কেনা বাবদ অর্থ রসিদও রয়েছে।
৭০ হাজার পাকিস্তানি রুপির (৫১ হাজার ৬৪৯ টাকা) একটি অর্থ রসিদ পাওয়া গেছে। এটি ব্যয় হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগনের বিয়ের উপহার হিসেবে এক জোড়া হাতঘড়ি কিনতে।
আরেকটি নথির তথ্যে দেখা যায়, ২০১২ সালে রোমে ইন্টারপোলের একটি সম্মেলনে যোগ দিতে যান স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। এ সময় তিনি উপহার হিসেবে গলার হার, কাঠের টেবিল ও ট্যাবলেট কম্পিউটার কিনে নিয়ে যান।
গত বছর সন্ত্রাসবিরোধী অনুদানের টাকা খরচ করে তত্কালীন প্রধানমন্ত্রী রাজা পারভেজ মোশাররফের ছেলের বিয়ের উপহার হিসেবে তিনটি গালিচা কেনা হয়। তিন হাজার মার্কিন ডলার (দুই লাখ ৩৩ হাজার ৩১০ টাকা) ব্যয়ে বেনামে এক সেট সোনার গয়না কেনার রসিদ রয়েছে, আরেকটি সোনার সেট কেনা হয়েছে দেড় হাজার ডলার (এক লাখ ১৬ হাজার ৬৫৫ টাকা) ব্যয়ে।
২০১২ সালে একটি কুটিরশিল্পের দোকান থেকে গালিচা ও হস্তশিল্পের পণ্য কেনা বাবদ ২৩ হাজার মার্কিন ডলার (১৭ লাখ ৮৮ হাজার ৭১০ টাকা) খরচ করা হয়। এগুলো ইউরোপীয় ইউনিয়ন, ইরানের প্রতিনিধিদল ও স্থানীয় কর্মকর্তাদের উপহার হিসেবে দেওয়া হয়।
এমনকি ঈদুল আজহায় ছাগল কেনা, কোরবানি ও কসাইয়ের খরচা বাবদ ৮০০ মার্কিন ডলার (৬২ হাজার ২১৬ টাকা) ব্যয় দেখানো হয়েছে।