অনুপ্রবেশ ঠেকাতে দপ্তর খুলবেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতে বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে দপ্তর খুলবে নরেন্দ্র মোদির হবু সরকার। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে ডেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি বিভিন্ন সময় বলেছেন, পাকিস্তানি এবং বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। এ লক্ষ্যে মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুপ্রবেশবিরোধী একটি দপ্তর খোলার সিদ্ধান্ত নিয়েছেন।

পশ্চিমবঙ্গের জাতীয় দৈনিক বর্তমান-এর এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশি এবং পাকিস্তানিদের অনুপ্রবেশ নিয়ে মোদির অবস্থান যে নিছক নির্বাচনী প্রচার নয়, তা বোঝাতেই মোদির এই উদ্যোগ। মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে ডেকে অন্যান্য অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের পাশাপাশি অনুপ্রবেশ নিয়ে কর্মপরিকল্পনা তৈরিরও নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদনে জানানো হয়, অনুপ্রবেশ ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রককে পৃথক একটি দপ্তর খোলার নির্দেশ দিয়েছেন মোদি। এই দপ্তরের কাজ হবে আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরার মতো রাজ্যগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকানোর রূপরেখা তৈরি করা এবং অনুপ্রবেশকারীদের শনাক্ত করা। একই সঙ্গে পাঞ্জাব, রাজস্থান এবং কাশ্মীরেও পাকিস্তানিদের অনুপ্রবেশ রোধের সার্বিক ব্যবস্থা নেওয়া।