অনুপ্রবেশ ঠেকাতে নতুন দপ্তর চান নরেন্দ্র মোদি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদি।

অনুপ্রবেশ ঠেকাতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন একটি দপ্তর খোলার চিন্তা করছেন সে দেশের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামীর সঙ্গে বৈঠকে এ নিয়ে কথা বলেছেন বিজেপির এই নেতা।
দিল্লির সরকারি সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে গুজরাট ভবনে মোদির সঙ্গে স্বরাষ্ট্রসচিবের বৈঠকের পর বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঠেকাতে নতুন দপ্তর খোলার বিষয়ে নির্দেশ দেওয়া নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জম্মু ও কাশ্মীর, নকশালপন্থী তৎপরতা ও অনুপ্রবেশ নিয়ে বিস্তারিত তথ্য জেনে নেন অনিল গোস্বামী। ভারতীয় ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আধা ঘণ্টার বৈঠকে এসব বিষয় নিয়ে তাঁদের কথা হয়েছে।
তবে গতকাল দুপুরে প্রথম আলোর পক্ষ থেকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সেখানকার কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা জানান। একজন জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, নতুন সরকার এখনো দায়িত্ব নেয়নি। সে ক্ষেত্রে সরকারের এ নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না, তা এখনই সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। সম্প্রতি নির্বাচনী প্রচারণার সময় ‘অবৈধ বাংলাদেশি’দের বিরুদ্ধে বেশ সরব ছিলেন মোদি ও তাঁর অনুসারীরা৷ তাঁরা বিভিন্ন জনসভায় বলেছিলেন, অবৈধভাবে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেিশ নাগরিকদের ফেরত পাঠানো হবে।