অনুপ্রবেশ নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা
অনুপ্রবেশের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় তৃণমূল কংগ্রেস যে ছেড়ে কথা বলবে না, তা তারা স্পষ্ট বুঝিয়ে দিল। রাষ্ট্রপতির ভাষণের ওপর বিতর্কে অংশ নিয়ে গতকাল মঙ্গলবার তৃণমূল জানিয়ে দিল, অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র যেন বাড়াবাড়ি না করে।
নির্বাচনী প্রচারে আসামে গিয়ে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি প্রথম অনুপ্রবেশ প্রসঙ্গ তুলেছিলেন। বাংলাদেশ থেকে ভারতে আসা মানুষদের তিনি দুই ভাগে ভাগ করার কথা বলেছিলেন। হিন্দুরা শরণার্থী, ভারতে তাদের আশ্রয় দিতে হবে। কারণ তারা আসছে অত্যাচারিত হয়ে। কিন্তু মুসলমানদের তিনি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বলেছিলেন, তাদের ফেরত পাঠাতে হবে। পরে পশ্চিমবঙ্গে গিয়েও এ নিয়ে কথা বললে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বাগ্যুদ্ধ বেধে যায়। মোদির বক্তব্যের বিরোধিতা করে মমতা বলতে থাকেন, পশ্চিমবঙ্গ থেকে একজন বাংলাদেশিকেও ফেরত পাঠানোর আগে তাঁকে ফেরত পাঠাতে হবে৷
রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেছিলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলে অনুপ্রবেশ ও অবৈধভাবে আসা বিদেশিদের মোকাবিলা সরকারের অগ্রাধিকার। এই অঞ্চলে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার যে কাজ অসমাপ্ত রয়েছে, শেষ করে ফেলা হবে তা-ও। সরকারের এই অভিপ্রায়ের কথা রাষ্ট্রপতির ভাষণে উল্লিখিত হওয়ার বিষয়টিই তৃণমূল সাংসদ তোলেন।
কল্যাণ বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণে অনুপ্রবেশের কথা বলা হয়েছে। তাদের মোকাবিলার কথাও বলা হয়েছে। অনুপ্রবেশের মানে কী? কাকে অনুপ্রবেশ বলে?’ এই প্রশ্ন তোলার পাশাপাশিই সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘অনুপ্রবেশ নিয়ে রাজনীতি করবেন না। এটাকে রাজনৈতিক ইস্যু করে তুলবেন না। আইনকে আইনের পথে চলতে দিন। এমন কিছু করবেন না, যাতে আমাদের দেশের ক্ষতি হয়। অনাসৃষ্টি হয়।’ কল্যাণের ভাষণের সময় চিট ফান্ড নিয়ে উত্তপ্ত কথা-কাটাকাটি হলেও অনুপ্রবেশ নিয়ে সরকারকে সাবধান করার সময় বিজেপির আসন থেকে কোনো প্রতিরোধ আসেনি।
প্রধানত যে দুই রাজ্যে অনুপ্রবেশের বিষয়টি বিজেপি বড় করে তুলে ধরেছে, তার একটি হলো পশ্চিমবঙ্গ, অন্যটি আসাম। দুটি রাজ্যেই মোদি একাধিকবার নির্বাচনী প্রচারে গেছেন এবং বিষয়টি উত্থাপন করেছেন। ভোটের পর দেখা গেছে, দুই রাজ্যেই বিজেপি আশাতীত ভালো ফল করেছে। দেখা যাচ্ছে, একটা সময় পর্যন্ত দোলাচলে ভুগলেও পশ্চিমবঙ্গে মুসলমান ভোটার মোদিকে রুখতে তৃণমূল কংগ্রেসকেই আঁকড়ে ধরেছে। অন্যদিকে রাজ্যে হিন্দু মেরুকরণ ঘটলেও তা বিজেপির প্রাপ্ত ভোট যতটা বাড়িয়েছে, আসন তত নয়। বিজেপি জিতেছে মাত্র দুটি আসন। কিন্তু তা হলেও পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সময়ে বিজেপির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এই পরিস্থিতিতে তৃণমূলের পক্ষ থেকে কল্যাণের হুঁশিয়ারি এটাই বুঝিয়ে দিচ্ছে, অনুপ্রবেশের প্রশ্নে তাঁরা অনড় থাকবেন। গত সোমবার বাম নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকেও এর ইঙ্গিত পাওয়া গেছে।