অনুমতি ছাড়া ভারতে আমেরিকান সেন্টারে কোনো চলচ্চিত্র প্রদর্শন করা যাবে না। ভারতে মার্কিন দূতাবাসকে এ কথা জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। অনুমতিপত্র নিতে ২০ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে তারা।
আমেরিকান সেন্টার আমন্ত্রিত দর্শকদের জন্য নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করে থাকে। এ জন্য তারা কোনো অনুমতি নেয় না। এই ‘সীমা লঙ্ঘন’ বন্ধ করতে সরকার একটি নোটিশ পাঠিয়েছে।
নিউইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে গ্রেপ্তার ও হেনস্তা করার পর ভারত যুক্তরাষ্ট্রকে চাপে রাখার যে কৌশল নিয়েছে, নতুন এ পদক্ষেপকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র জানায়, দিল্লিতে মার্কিন প্রতিষ্ঠানগুলোর সীমা লঙ্ঘন বন্ধ করতে সরকার এখন আমেরিকান সেন্টারের কর্মকাণ্ডকে পর্যবেক্ষণের আওতায় আনছে। গত শুক্রবার আমেরিকান সেন্টারকে ‘কড়া ভাষা’র নোটিশ দেওয়া হয়েছে। এতে সেন্টারকে ২০ জানুয়ারির মধ্যে ভারত সরকারের আইন মেনে চলতে এবং চলচ্চিত্র প্রদর্শনের জন্য দিল্লি সরকারের নিয়ম মেনে অনুমতিপত্র নিতে বলা হয়েছে। এই নির্দেশনা মানতে ব্যর্থ হলে ২১ জানুয়ারি থেকে আমেরিকান সেন্টার কোনো চলচ্চিত্র প্রদর্শন করতে পারবে না।
৩৯ বছর বয়সী দেবযানীকে গত ১২ ডিসেম্বর নিউইয়র্কে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ। ভিসায় মিথ্যা ঘোষণা দিয়ে গৃহকর্মী সঙ্গীতা রিচার্ডকে যুক্তরাষ্ট্রে নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে একজন কূটনীতিক হলেও জনসমক্ষে তাঁকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করা এবং কারাগারে নিয়ে নগ্ন করে তল্লাশি চালানোর অভিযোগ ওঠার পর ভারতে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।
‘ভিডিও ভুয়া’: অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা কারাগারে একজন নারীকে নগ্ন করে তল্লাশি চালাচ্ছেন।
তবে মার্কিন কর্মকর্তারা কথিত ওই ভিডিওচিত্রকে জাল আখ্যায়িত করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র মেরি হার্ফ বলেন, ‘সত্যতা যাচাই ছাড়াই কিছু সংবাদভিত্তিক ওয়েবসাইটে ওই ভিডিওচিত্র প্রকাশ করা হয়েছে। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এটা তাঁর (দেবযানীর) ভিডিও নয়।’ পিটিআই।