অনুমতি ছাড়া স্মৃতিকথা প্রকাশে ক্ষুব্ধ অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমতি ছাড়া আত্মজীবনী প্রকাশের অভিযোগে যুক্তরাজ্যের একজন প্রকাশকের নিন্দা জানিয়েছেন সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গতকাল বৃহস্পতিবার থেকে জুলিয়ান অ্যাসাঞ্জ: দি আনঅথরাইজড অটোবায়োগ্রাফি নামের ওই স্মৃতিকথা বিক্রি শুরু হয়েছে।গত বুধবার প্রকাশিত দীর্ঘ এক বিবৃতিতে ক্যাননগেট নামের এডিনবরার ওই প্রকাশকের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করে অ্যাসাঞ্জ বলেন, স্মৃতিকথাটি প্রকাশ না করার ব্যাপারে তিনি ব্যক্তিগতভাবে কথা দিয়েছিলেন। তিনি অনুযোগ করেন, তাঁর ওই স্মৃতিকথার সংশোধনের কাজ চলছিল। কিন্তু ক্যাননগেট বেশি মুনাফার আশায় ভুলে ভরা তাঁর স্মৃতিকথার খসড়া অনুমতি ছাড়াই বিক্রি করে দিয়েছেন।এদিকে ক্যাননগেট এক বিবৃতিতে জানান, ২০১১ সালের ৭ জুন ওই স্মৃতিকথা প্রকাশ করার ব্যাপারে অ্যাসাঞ্জের সঙ্গে চুক্তি হয়েছিল। বিশ্বের ৩৮টি প্রকাশনা সংস্থা একসঙ্গে স্মৃতিকথা প্রকাশ করবে—চুক্তিতে এমন কথাই ছিল। কিন্তু পরে অ্যাসাঞ্জ চুক্তি ভাঙতে চান। তাঁকে অগ্রিম অর্থ আগেই দেওয়া হয়েছিল। তাই স্মৃতিকথাটি প্রকাশ করা হয়েছে।ক্যাননগেট স্বীকার করেন, অসমাপ্ত ওই পাণ্ডুলিপিটির প্রকাশনা বন্ধ রাখতে চেয়েছিলেন অ্যাসাঞ্জ। তিনি আশা প্রকাশ করেন, ‘বইটি হবে আমাদের প্রজন্মের একটি ঐক্যবদ্ধ দলিল।’ তিনি বলেন, বই বিক্রি থেকে অগ্রিমের অর্থ উঠে এলেই জুলিয়ান অ্যাসাঞ্জকে রয়্যালটি দেওয়া হবে। গত মার্চে ওই খসড়াটি প্রকাশকের কাছে দিয়েছিলেন অ্যাসাঞ্জ।ক্যাননগেট আরও বলেন, স্মৃতিকথায় অস্ট্রেলিয়ায় অ্যাসাঞ্জের শৈশব ও বেড়ে ওঠার কথা রয়েছে। এরপর কীভাবে তিনি কম্পিউটার নিয়ে কাজ শুরু করলেন, হ্যাকিং করতেন এবং উইকিলিকস প্রতিষ্ঠার বর্ণনা রয়েছে। এ ছাড়া সুইডেনে ২০১০ সালে অ্যাসাঞ্জের বিরুদ্ধে দুই নারীকে ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযোগসহ কিছু ঘটনার বিবরণ রয়েছে। এএফপি ও এপি।