সিরিয়াজুড়ে বেসামরিক নাগরিকদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছাতে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গত শনিবার সর্বসম্মতিক্রমে পাস হওয়া ওই প্রস্তাবে বলা হয়, সিরিয়ার সরকার ও বিদ্রোহীপক্ষকে অবশ্যই ত্রাণ সহায়তার অনুমতি দিতে হবে। না হলে ‘অন্য পদক্ষেপ’ নেওয়া হবে।
সহিংসতাকবলিত সিরিয়ার সাধারণ মানুষের কাছে ত্রাণ সহায়তা পাঠাতে নিরাপত্তা পরিষদে এই প্রথম এ ধরনের প্রস্তাব পাস হলো। তার চেয়েও বড় কথা, নিরাপত্তা পরিষদের সব সদস্যরাষ্ট্রই এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন এর আগে এ ধরনের প্রস্তাবে ভেটো দিয়েছিল। এবার এই দুই দেশই পক্ষে ভোট দেয়।
প্রস্তাবে আন্তর্জাতিক দাতা সংস্থার ত্রাণ সিরিয়ায় ঢুকতে দেওয়ার জন্য আন্তসীমান্ত পথ করে দেওয়া ও সিরিয়ার কয়েকটি শহরে অবরুদ্ধ অবস্থার অবসানের কথা বলা হয়। একই সঙ্গে দেশটির বিভিন্ন স্থানে হামলায় ব্যারেল বোমা ব্যবহারের নিন্দা জানানো হয়। সিরিয়া সরকার বা বিদ্রোহীরা প্রস্তাব বাস্তবায়নে সহযোগিতা না করলে অবরোধ বা নিষেধাজ্ঞা আরোপের মতো কোনো হুমকির কথা প্রস্তাবে বলা হয়নি। তবে ‘অন্য পদক্ষেপ’ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেন, মানবিক ত্রাণ সহায়তা এমন একটি বিষয়, যা ‘আলোচনার মতো’ নয়। এই প্রস্তাব দ্রুত ও আস্থার সঙ্গে বাস্তবায়ন করা হলে অবশ্যই সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত সামান্থা পাওয়ার বলেন, আগে থেকেই এ প্রস্তাব পাসের চেষ্টা হচ্ছিল। এখন প্রস্তাবিত বিষয়গুলোর বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। এএফপি ও বিবিসি।