অনুষ্ঠান শুরুর আগে উপস্থাপক গ্রেপ্তার

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সিসিটিভির একজন জনপ্রিয় উপস্থাপককে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পিপলস ডেইলির টুইটারে গতকাল শনিবার জানানো হয়, গত শুক্রবার রাতে ব্যবসায় সংবাদ-সংক্রান্ত ‘ইকোনমিক নিউজ’ নামের একটি অনুষ্ঠান শুরুর আগে স্টুডিও থেকে ৩৬ বছর বয়সী উপস্থাপক রুই চেংগানকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।
এ ছাড়া টিভি নেটওয়ার্কটির অর্থবিষয়ক উপপরিচালক লি ইয়াংকেও গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভিতে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরুর প্রায় এক মাস পর ওই দুজনকে গ্রেপ্তার করা হলো।
চীনে গত বছর নতুন নেতৃত্ব ক্ষমতা গ্রহণের পর দেশটিতে দুর্নীতিবিরোধী অভিযান জোরদার হয়।
রুইকে গ্রেপ্তার করার পরও ‘ইকোনমিক নিউজ’ অনুষ্ঠান প্রচারিত হয়েছে। তবে তাঁর চেয়ার ও মাইক্রোফোনটি ছিল শূন্য। সহ-উপস্থাপক অনুষ্ঠানটি পরিচালনা করেন।ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন রুই। আধুনিক চীনের উচ্চাকাঙ্ক্ষার প্রতিমূর্তি হিসেবে তাঁকে তাঁর ভক্তরা অভিহিত করে থাকেন। তিনি ৩০টিরও বেশি রাষ্ট্রপ্রধান ও তিন শতাধিক নির্বাহীর সাক্ষাত্কার নিয়েছেন।