মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ উড়োজাহাজটির সন্ধানে এবার নামানো হয়েছে ডুবোড্রোন। মার্কিন নৌবাহিনীর ওই ডুবোযানটি ভারত মহাসাগরের তলদেশে ৬০০ বর্গকিলোমিটার জায়গাজুড়ে অনুসন্ধান চালাবে। এ কাজে সর্বোচ্চ দুই মাস লাগতে পারে বলে অভিযানে জড়িত মার্কিন তল্লাশি দল গতকাল মঙ্গলবার জানিয়েছে।
কিছু সংকেত উড়োজাহাজটির ফ্লাইট রেকর্ডারের ব্ল্যাক বক্সের বলে প্রতীয়মান হওয়ার পর ব্লুফিন-২১ নামের ওই ডুবোড্রোন দক্ষিণ ভারত মহাসাগরে নামানো হয়। সাগরের যে ৬০০ বর্গকিলোমিটার এলাকায় উড়োজাহাজটি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেই পুরো এলাকা তন্নতন্ন করে বেড়াবে যানটি।
তবে ডুবোযানটির প্রথম মিশনটি কোনো সুসংবাদ বয়ে আনতে পারেনি। যানটি সাগরের সাড়ে চার কিলোমিটার গভীর পর্যন্ত যেতে সক্ষম। সোমবার ওই সীমা অতিক্রান্ত হওয়ার পর সেটি স্বয়ংক্রিয়ভাবে সাগরের ওপরেচলে আসে।
মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ-৩৭০ ফ্লাইটটি গত ৮ মার্চ রাতে ২৩৯ জন আরোহী নিয়ে বেইজিংয়ে যাওয়ার পথে নিখোঁজ হয়। ডুবোড্রোন ব্যবহারের বিষয়টি তল্লাশিকাজে ধীরগতির বিষয়টিকে আবার সামনে এনেছে। কারণ, পানির নিচে এই যানটির গতি একেবারেই কম। পাশাপাশি জাহাজ ও উড়োজাহাজ নিয়েও তল্লাশি চলছে। রয়টার্স।