মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনের প্রেসিডেন্ট হু জিনতাও আগামী সপ্তাহে ওয়াশিংটনে এক বৈঠকে মিলিত হবেন। বিশ্ব অর্থনীতির এই দুই পরাশক্তির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায় এক বছর ধরে চলমান উত্তেজনার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ওয়াশিংটনে আগামী মঙ্গল ও বুধবার এই দুই নেতা আলোচনার পাশাপাশি নৈশভোজেও মিলিত হবেন। এ সময় অনেক বিতর্কিত ইস্যু আলোচনায় চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, চীনের মুদ্রা ইউয়ানের মর্যাদা নির্ধারণ, বাণিজ্যবিরোধ, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি, দালাই লামার যুক্তরাষ্ট্র সফর, চীনের ভিন্নমতাবলম্বী লু জিয়াবাওয়ের শান্তিতে নোবেল পুরস্কার জয়, ইন্টারনেট স্বাধীনতা, প্রশান্ত মহাসাগরে দুই দেশের নৌ-মহড়া ইত্যাদি। এ ছাড়া কোরীয় উপদ্বীপে উত্তর কোরিয়ার আগ্রাসী তৎপরতা ও দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে।এ ব্যাপারে পিকিং বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্রবিষয়ক বিশেষজ্ঞ জিয়া কিংগু মনে করছেন, আলোচনার সময় বৈরী মনোভাবের পরিবর্তে সহযোগিতামূলক মনোভাবই তাঁরা প্রদর্শন করবেন। তবে ক্ষমতার ভারসাম্য আলোচনার পুরো বিষয়কে জটিল করে তুলতে পারে। গবেষণাধর্মী প্রতিষ্ঠান ইউরেশিয়া গ্রুপ মনে করছে, যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করার মতো ক্ষমতা চীন ইতিমধ্যেই অর্জন করেছে। এ জন্য নিরাপত্তাজনিত ইস্যুগুলো দুই নেতার আলোচনায় বেশি গুরুত্ব পাবে। এএফপি।