অনেকেই জানতেন যে আমি কায়েস সাহেবের ছোট বোন
১৯৯৭ সাল। সবেমাত্র সিঙ্গাপুর গিয়েছি। ননদ নয়নের ফ্যামিলি এবং তাদের পরিচিত কয়েকজন ছাড়া বেশি কাউকে চিনি না। দু-একটি পারিবারিক অনুষ্ঠান ছাড়া একবার বাংলা (বিএলএলএস) স্কুলে কোনো এক দিবসে গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম। তখনই হাসানের সঙ্গে পরিচয়। হাসান খুব ভালো গান গায়। এর কিছুদিন পর হাসান একদিন ফোন দিয়ে বলল, ‘আপা, বাংলাদেশ হাইকমিশন বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান করবে। সেই অনুষ্ঠানে গান করার জন্য আপনার অনুমতি ছাড়াই আমি আপনার নাম প্রস্তাব করেছি। আপনি রাজি থাকলে হাইকমিশন থেকে ফোন করে আপনাকে আমন্ত্রণ জানাবে।’
বাংলাদেশ হাইকমিশন বিজয় দিবসের অনুষ্ঠান করবে, সেখানে গান না করার কোনো কারণ নেই। হাসানকে আমার সম্মতির কথা জানালাম। কয়েক দিন পর ঠিকই হাইকমিশন থেকে ফোন এল। অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা করার জন্য সময় ও তারিখ জানিয়ে বললেন, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর কায়েস সাহেবের অফিসে যেতে। তখন কাউন্সেলর কী, কায়েস সাহেবই বা কে—কিছুই জানি না বা চিনি না। কথা হলো, হাসান আমাকে নিয়ে যাবে। হাসানের সঙ্গে নির্দিষ্ট দিনে সময়মতো এমআরটি (সাবওয়ে) চড়ে হাইকমিশনে কাউন্সেলর কায়েস সাহেবের অফিসে পৌঁছালাম। পরিচয়ের একটু পরই কায়েস সাহেব ‘কায়েস ভাই’ হয়ে গেলেন। মনে হলো কায়েস ভাইকে কতকাল থেকে চিনি! সেই থেকে কায়েস ভাই সিঙ্গাপুর থাকা পর্যন্ত সেখানকার অনেকেই জানতেন (ভুল) যে আমি কাউন্সেলর কায়েস সাহেবের ছোট বোন।
কায়েস ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম, এবারের বিজয় দিবসের অনুষ্ঠান একটি নামকরা হোটেলের বলরুমে হবে। সেখানে আরও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশন ছাড়াও সিঙ্গাপুরের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের প্রথমেই জাতীয় সংগীত গাওয়া হবে। আমি আর হাসান জাতীয় সংগীত গাইব। শুনে খুব পুলকিত হলাম।
হাসান আর আমি খুব উৎসাহ নিয়ে জাতীয় সংগীতসহ আরও কয়েকটি দেশাত্মবোধক গান বাছাই করে প্রস্তুতি নিতে থাকলাম, আর অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকলাম বিজয় দিবসের অনুষ্ঠানে গান করার জন্য। কয়েক দিন পর হাসানের মাধ্যমেই খুবই অপ্রত্যাশিতভাবে জানতে পারলাম বিজয় দিবসের অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বটি হবে না। জাতীয় সংগীত লাইভ গাওয়া হবে না, রেকর্ড বাজানো হবে। শুনে খুবই মন খারাপ হলো। ক্ষোভে-কষ্টে-দুঃখে বিজয় দিবসের অনুষ্ঠানে গেলাম না। পরে জানতে পেরেছি, সিঙ্গাপুরে অনেক দিন ধরে বসবাসকারী এক সংগীতশিল্পী হাইকমিশনের বিজয় দিবসের অনুষ্ঠানে প্রতিবছর গান করতেন। এই প্রথমবার তাঁকে বাদ দিয়ে বাংলাদেশ থেকে সদ্য আসা এক অপরিচিত শিল্পীকে দিয়ে গান গাওয়ানো এটি তিনি কোনোভাবে মেনে নিতে পারছিলেন না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো—কেউ লাইভ গান করবে না, রেকর্ডে বাজানো হবে।
কায়েস ভাইও সিঙ্গাপুরে পোস্টিং পেয়েছেন খুব বেশি দিন আগে না। এ ঘটনার কয়েক মাস আগে। তাই কায়েস ভাই এ নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করেননি। বিজয় দিবসের অনুষ্ঠানের কয়েক দিন পর কায়েস ভাই ফোন করে দুঃখ প্রকাশ করলেন আর সঙ্গে সঙ্গে জানালেন, আমার সম্মতি থাকলে তিনি আমার একটি একক গানের অনুষ্ঠানের আয়োজন করবেন। আমি প্রথমে রাজি না থাকলেও কায়েস ভাইয়ের অনুরোধে পরে রাজি হলাম। তখনই কায়েস ভাই তাঁর পছন্দের কয়েকটি গানের তালিকাও দিলেন—যদি সম্ভব হয়, যেন অনুষ্ঠানে গানগুলো গাই। সঙ্গে সঙ্গে এটাও বলে দিলেন ২০-২৫টি গানের প্রস্তুতি নিয়ে রাখতে। এর প্রায় মাস খানেক পর এক সন্ধ্যায় আমার একক গানের অনুষ্ঠানের তারিখ ফেললেন। আমিও সেভাবে প্রস্তুতি নিতে থাকলাম। আর এদিকে কায়েস ভাই অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে সিঙ্গাপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে কার্ড বিতরণ করছেন। অনুষ্ঠানের আগের সপ্তাহে পরিচিত এক বাসায় দাওয়াত খেতে গিয়ে শুনি কয়েকজন আলোচনা করছেন, আগামী সপ্তাহে হাইকমিশনের মিজারুল কায়েস সাহেবের বাসায় বাংলাদেশ থেকে আগত শিল্পী ফারহানা ইসলামের গানের অনুষ্ঠানে তাঁরা যাচ্ছেন। যেহেতু পরিচিত সবাই আমাকে শান্তা বলে জানে, তাই তাঁরা বুঝতে পারেননি যে আমিই সেখানে গান করব। আমিও মজা করার জন্য চুপ করে রইলাম।
অনুষ্ঠানের দিন হাইকমিশন থেকে গাড়ি পাঠানো হলো আমাদের নিয়ে যেতে। কায়েস ভাই তখন হাইকমিশন থেকে দেওয়া খুব সুন্দর বড় একটি ফ্ল্যাটে থাকতেন। আমরা সময়মতো কায়েস ভাইয়ের ফ্ল্যাটে গিয়ে দেখি, ফ্ল্যাটের লিভিং রুমের মেঝেতে বসার আয়োজন করা হয়েছে। এরই মধ্যে প্রায় ৬০–৭০ জন অতিথি এসে গেছেন। আমিও তাদের মাঝখানে বসে পড়লাম। কিছুক্ষণ পর কায়েস ভাই হাতে মাইক নিয়ে বললেন, ‘আমাদের শিল্পী এসে গেছেন। আমরা অল্প কিছুক্ষণ পরই অনুষ্ঠান শুরু করব।’ সবাই এদিক-ওদিক তাকাচ্ছে শিল্পীকে দেখতে। শিল্পীকে দর্শকদের মাঝে দেখতে না পেয়ে আমারই পাশের একজন বললেন, ‘শিল্পী মনে হয় ভেতরের ঘরে আছেন।’ আমি মুচকি মুচকি হাসি।
কিছুক্ষণ কায়েস ভাই আবার হাতে মাইক নিলেন। শিল্পীর ছোট একটি পরিচিতি দিলেন এবং শিল্পীকে সামনে গিয়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলেন। আমিও খুব সংকোচে সামনে গিয়ে আসন গ্রহণ করলাম। সামনে তাকাতেই দেখি পরিচিত দু-একজন আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। আর আমি গাইতে শুরু করলাম কায়েস ভাইয়ের পছন্দের গান দিয়ে ‘আমার রাত পোহালো শারদ প্রাতে’। একে একে ৩০টি গান করলাম। অনুষ্ঠান শেষে কায়েস ভাই আনন্দে আমাকে জড়িয়ে ধরলেন। আমার খুব প্রশংসা করলেন।
আমার শিল্পী জীবনে এটিই ছিল আমার প্রথম একক গানের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন কায়েস ভাই। তারপর সিঙ্গাপুর, কানাডাসহ অনেক অনুষ্ঠানে গান করেছি, কিন্তু কায়েস ভাই আয়োজিত সেই অনুষ্ঠানে গান গেয়ে যে আনন্দ পেয়েছি, গর্ববোধ করেছি তেমনটি আর কখনো হয়নি।
আজ (১১ মার্চ) সকালে ফেসবুকে যেতেই দেখি লুতফুন নাহার লতা আপার পোস্ট, ‘কায়েস ভাই আর নেই!’ যেন বজ্রপাত হলো। আমি চুপ করে রইলাম। চোখ বেয়ে শুধুই অশ্রু নেমে যাচ্ছে। বাক্যহারা হয়ে গেলাম। বাবু ঘুমাচ্ছে, ওকে ডাকতে গিয়ে মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। মনের পর্দায় একে একে ভেসে আসছে কায়েস ভাইয়ের সঙ্গের স্মৃতিগুলো। প্রায় ২০ বছর আগের ঘটনা কিন্তু কত সতেজ সেসব স্মৃতি।
সেই অনুষ্ঠানের পর থেকে আমি হয়ে গেলাম কায়েস ভাইয়ের ছোট আদরের বোন, শান্তা। প্রায়ই ফোন করে বলতেন, ‘শান্তা, এই গানটা জান, না জানা থাকলে উঠিয়ে নাও। কাল সন্ধ্যায় আসব। গানটি শুনতে চাই।’ ঠিক পরদিন হাতে বিভিন্ন রকমের খাবারের প্যাকেট নিয়ে এসে হাজির। আর বলতেন ‘চা বসাও, চা খেতে খেতে গান শুনব।’ এভাবে কত দিন যে কায়েস ভাই আমাদের ছোট সেই ফ্ল্যাটে এসে আমাকে ধন্য করেছেন, আমাকে সম্মানিত করেছেন তার কোনো হিসাব নেই। এমন নিরহংকার মানুষ আমি দেখিনি। আমার মেয়ে মাধবী যখন গর্ভে তখন কায়েস ভাই নিয়মিত ফোন করে খোঁজখবর নিতেন। সিঙ্গাপুরের কে কে উইমেন অ্যান্ড চিলড্রেন হসপিটালে যেদিন মাধবী জন্মাল তার পরদিন কায়েস ভাই ভাবিসহ হাজির। হাতে মাধবীর জন্য সোনার চেইন। সেই সোনার চেইনও ছিল মাধবীর জীবনের প্রথম উপহার। আমরা মা-মেয়ে জীবনের দু’রকম দুটি উপহার জীবনে প্রথম পেয়েছি কায়েস ভাইয়ের হাত থেকে। সেই কায়েস ভাই আজ সবাইকে ছেড়ে চলে গেলেন।
কায়েস ভাইকে পেয়ে আমি যেমন ভাগ্যবান ছিলাম, পরের দিকে কায়েস ভাইয়ের সঙ্গে আমার ভাগ্য খুব সুপ্রসন্নও ছিল না। ২০১০ সাল, কায়েস ভাই তখন বাংলাদেশে থাকেন। আমার জীবনের প্রথম গানের সিডি বের হলো, আমার প্রিয় শিক্ষক প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদের তত্ত্বাবধানে। এলিফ্যান্ট রোডের এক রেকর্ডিং স্টুডিও থেকে সিডি হাতে পেয়ে প্রথমেই কায়েস ভাইয়ের কথা মনে পড়ল। বাবুকে বললাম, চল, কায়েস ভাইয়ের অফিসে যাই, আমার প্রথম সিডি কায়েস ভাইকে দেব। এলিফ্যান্ট রোড থেকে কায়েস ভাইয়ের অফিস পররাষ্ট্র মন্ত্রণালয় খুব বেশি দূরেও না। যাওয়ার পথে প্রচণ্ড বৃষ্টি, কায়েস ভাইয়ের অফিসে গিয়ে শুনলাম কায়েস ভাই কয়েক মিনিট আগে জরুরি কাজে বের হয়ে গিয়েছেন। কী আর করা অফিসে নোটসহ আমার সিডি দিয়ে আসলাম। কিন্তু নিজ হাতে দিতে পারলাম না। এই আক্ষেপ আমার চিরদিন থেকেই যাবে। তার দু-এক দিন পর কানাডা চলে আসব তাই সেবার আর দেখা হলো না। দেখা হলো না যে আর কখনোই হলো না, কায়েস ভাইয়ের সঙ্গে দেখা আর হয়নি। কায়েস ভাই তখন পররাষ্ট্রসচিব, নিউইয়র্কে আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। পত্রিকায় খবর পড়ে কায়েস ভাইয়ের ফোন নম্বর সংগ্রহ করে নিউইয়র্কে ফোন করলাম। ভাগ্য ভালো কায়েস ভাই-ই ধরলেন। বললাম নিউইয়র্ক আসব আপনার সঙ্গে দেখা করার জন্য? বললেন, ‘জানোই তো প্রধানমন্ত্রীর সঙ্গে এসেছি, খুব ব্যস্ত, সময় দিতে পারব না।’ কায়েস ভাইয়ের সঙ্গে সেবারও দেখা হয়নি। মাঝে আবার দেশে গেলাম। ইচ্ছা ছিল কায়েস ভাইয়ের সঙ্গে দেখা করব, কিন্তু শুনতে পেলাম উনি তখন লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার। সেবারও দেখা হলো না। বেশ কিছুদিন আগে শুনলাম কায়েস ভাই ব্রাজিলে, সেখানের ফোন নম্বর সংগ্রহ করে ফোন করে জানতে পারলাম উনি বাংলাদেশে গিয়েছেন। হঠাৎ করে সান্নিধ্য পাওয়া এমন একজন মহৎ ব্যক্তি আমার জীবন থেকে আবার হঠাৎ হারিয়েও যাবেন তা স্বপ্নেও ভাবিনি।
কায়েস ভাই আপনি আমার স্মৃতিতে চিরজাগ্রত থাকবেন। আপনার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, দোয়া সবই অসীম।
ফারহানা শান্তা: সংগীত শিল্পী, কানাডা