অন্টারিওতে ক্রিকেট মাঠে এক খণ্ড বাংলাদেশ

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানদের ক্রিকেট দল মিশিগান বেঙ্গলস আর বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়দের ক্রিকেট দল উইন্ডসর ওয়ারিয়রের মধ্যে ১৬ সেপ্টেম্বর টি-টোয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কানাডার অন্টারিও প্রদেশের উইন্ডসর শহরের ক্রিকেট মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
গাঢ় সবুজ মাঠ, মধ্যখানে সবুজ টার্ফের ২২ গজ পিচ। কানাডার অন্টারিও প্রদেশের উইন্ডসর শহরে এত সুন্দর ক্রিকেট মাঠ দেখলেই বোঝা যায়, উত্তর আমেরিকায় ক্রিকেটের জনপ্রিয়তাকে অগ্রাহ্য করতে পারছে না শহর কর্তৃপক্ষ।
উত্তর আমেরিকার দুই দেশের বাংলাদেশিদের এই প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে প্রায় মাসব্যাপী প্রস্তুতি চলছিল। ১৬ সেপ্টেম্বর প্রচণ্ড কুয়াশা ঠেলে মিশিগান অঙ্গরাজ্যের মিশিগান বেঙ্গলস দলের খেলোয়াড়ের গাড়িতে যাত্রা শুরু করে। উদ্দেশ্য বেলা ফুটতেই যেন কানাডার সীমান্ত পেরিয়ে উইন্ডসর শহরে পৌঁছানো যায়।
দুই দল মাঠে আসার সঙ্গে সঙ্গে পুরো মাঠজুড়ে হই-হুল্লোড়ে আর আনন্দধ্বনি শোনা যাচ্ছিল। মাঠজুড়ে অন্য রকম এক উত্তেজনা, অনন্য ভালো লাগা, এ যেন উত্তর আমেরিকায় এক টুকরো বাংলাদেশ। অসাধারণ কিছু মুহূর্ত, সাত সমুদ্র দূরে দুই দেশের বাংলাদেশিদের এক মিলন মেলা।
কানাডায় যেহেতু খেলা, তাই সেখানে অবস্থানরত বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়দের নেই ভিসা ও পাসপোর্টের ঝক্কি ঝামেলা। পরিবার-পরিজন নিয়ে প্রচুর বাংলাদেশি সকালেই মাঠে হাজির। উদ্দেশ্য তাদের প্রিয় দলকে উৎসাহ জোগানো। জয় নিয়ে বাসায় ফেরা। খেলা নিয়ে স্বাগতিকদের মাঝে ছিল ব্যাপক প্রস্তুতি।

কুয়াশা ঢাকা ভোরে সাতটায় সাদা পোশাক পরে উইন্ডসর ওয়ারিয়রের খেলোয়াড়েরা মাঠে ঢোকে। সকালের মিষ্টি রোদ ফুটতেই দর্শকের সংখ্যাও বাড়তে থাকে। দর্শক সারিতে প্রচুর ভারতীয় ও কানাডীয় নাগরিককে দেখা যায়।
মাঠে প্রচুর কুয়াশা থাকায় টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন উইন্ডসর ওয়ারিয়রের অধিনায়ক রোকন রুমি। সফলতাও পান তার এ সিদ্ধান্তে। ওপেনিং ও দ্বিতীয় উইকেটে ১৮ ও ৩৯ রানের জুটি হলেও মিডল অর্ডারের ধসে ৭ ওভারে ৬৫ রান দাঁড়ায়। শেষ দুই উইকেট জুটিতে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে মিশিগান বেঙ্গলস। সালাহউদ্দিন আজিজ করেন সর্বোচ্চ ২৭ রান।
উইন্ডসর ওয়ারিয়রের ওপেনিং জুটি ভালোভাবেই সামাল দিচ্ছিল। রানের গতি বাড়াতে গিয়ে রান আউটে ভাঙে ওপেনিং জুটি। মিশিগান বেঙ্গলসের নিয়ন্ত্রিত বোলিংয়ে উইন্ডসর ওয়ারিয়র ১০৬ রানে থেমে যায়। রাজু করেন সর্বোচ্চ ৩৩ রান। মিশিগান বেঙ্গলস ২১ রানে জয় লাভ করে।
খেলা শেষে বিরিয়ানি, দুই দলের খেলোয়াড় আর বাংলাদেশি দর্শক—সবার জন্য এই আয়োজন করেছিলেন উইন্ডসর বাংলাদেশি কমিউনিটি। এটাও খেলার একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেট খেলা ও খাবার এই পরিবেশন নস্টালজিক করে তোলে সবাইকে। এ যেন চিরপরিচিত বাংলার এক খেলার মাঠ। বিজ্ঞপ্তি