
কেনিয়ার রাজধানী নাইরোবির বিপণিবিতানে শনিবারের সন্ত্রাসবাদী হামলায় গতকাল রাত পর্যন্ত অন্তত ৫৯ জনের মৃত্যু এবং প্রায় ৩০০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বন্দুকধারী জঙ্গিরা গতকাল রোববারও সেখানে অনেককে জিম্মি করে রাখে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে প্রবেশ করে জিম্মিদের মুক্ত করার চেষ্টা করছেন।
সর্বশেষ গতকাল গভীর রাতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিপণিবিতানের ভেতরে আরও লাশ দেখা যাওয়ায় ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে।
১৯৯৮ সালে মার্কিন দূতাবাসে আল-কায়েদার হামলায় অন্তত ২০০ জন নিহত হওয়ার পর কেনিয়ায় এটি সবচেয়ে ভয়াবহ হামলা।
এর আগে কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ ওলে লেনকু গতকাল দুপুরে বলেন, ওয়েস্টগেট মল নামের অভিজাত বিপণিকেন্দ্রটিতে তখনো ১০ থেকে ১৫ জন বন্দুকধারী অবস্থান করছিল। মন্ত্রী জানান, অন্তত এক হাজার মানুষকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
আল-কায়েদার সঙ্গে যুক্ত জঙ্গি ইসলামপন্থী সংগঠন সোমালিয়ার আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি বলেছে, সোমালিয়া থেকে কেনিয়ার সেনা প্রত্যাহারের দাবিতে এ হামলা চালানো হয়েছে।
জঙ্গিদের গুলিতে নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কানাডার একজন কূটনীতিকসহ (২৯) বেশ কয়েকজন বিদেশি নাগরিক। ভারত, ফ্রান্স ও কানাডার দুজন করে এবং যুক্তরাজ্যের একজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
এদিকে, ঘানার প্রেসিডেন্ট দ্রামানি মাহামা গতকাল এক বিবৃতিতে বলেন, নাইরোবির ঘটনায় তাঁর দেশের প্রখ্যাত কবি ও অধ্যাপক কফি আওউনর (৭৮) নিহত হয়েছেন।
জাতিসংঘের নিন্দা: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কেনিয়ায় আল-শাবাবের হামলার নিন্দা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বিবৃতিতে বলেন, হামলায় কোনো মার্কিন নাগরিক নিহত না হলেও অনেকে আহত হয়েছেন। সন্ত্রাসীদের দমনে কেনিয়া সরকারকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। রয়টার্স ও এএফপি।