অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে গত মঙ্গলবার সর্বসম্মতিক্রমে সংবিধানের ২০তম সংশোধনী বিল পাস হয়েছে। সংশোধনীতে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের আগে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়ার বিষয়টি রয়েছে।প্রায় দুই সপ্তাহ ধরে বিতর্কের পর ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পার্লামেন্টের প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগসহ (পিএমএল-এন) অন্য রাজনৈতিক দলগুলো মতৈক্যে পৌঁছে। এই বিলে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া ছাড়াও বরখাস্ত হওয়া ২৮ জন কেন্দ্রীয় ও প্রাদেশিক এমপিকে পুনর্বহাল করার কথা উল্লেখ করা হয়েছে।মঙ্গলবার রাতে জাতীয় পরিষদে ভোটে বিলটি পাস হয়। ৩৪২ আসনের জাতীয় পরিষদে বিলের পক্ষে ২৪৭ ভোট পড়ে, যা সংবিধানের সংশোধনী পাসের জন্য প্রয়োজনীয় ভোটের চেয়ে ১৯টি বেশি। বিলের বিপক্ষে কোনো ভোট পড়েনি। সুপ্রিম কোর্টের আদেশে নয়জন এমপি বরখাস্ত হয়েছেন, কিছু আসন শূন্য রয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন এমপি অনুপস্থিত ছিলেন।নতুন সংশোধনীতে পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের বিরোধী দলের নেতার মতৈক্যের ভিত্তিতে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নাম প্রস্তাবের কথা বলা হয়েছে। এই দুই নেতা মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হলে ওই প্রধান দুই দলের প্রতিনিধি নিয়ে গঠিত সংসদীয় কমিটি মতৈক্যের ভিত্তিতে একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করবে। সংসদীয় কমিটিও মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হলে বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারের কাছে যাবে। তখন প্রধান নির্বাচন কমিশনার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।একইভাবে প্রাদেশিক সরকারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ও প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতার মতৈক্যের ভিত্তিতে অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী নিয়োগের কথা বলা হয়।বিল পাসের পর প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাঁর বক্তৃতায় ২০তম সংশোধনী পাসের জন্য দেশের জনগণসহ সংশ্লিষ্ট সবাই অভিনন্দন জানান। তিনি বলেন, এখন আর অন্তর্বর্তী সময়ের জন্য ‘আমদানি করা প্রধানমন্ত্রী’র প্রয়োজন হবে না। আগে যে পদ্ধতি বহাল ছিল তাতে ‘আমাদের সবাইকে ভোগান্তি’ পোহাতে হয়েছে।বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাস হলে তা কার্যকর হবে। এটা হলে এই পার্লামেন্টে এটি হবে সংবিধানের তৃতীয় সংশোধনী পাস হওয়ার ঘটনা। এর আগে ১৮ ও ১৯তম সংশোধনীও সর্বসম্মতিক্রমে পাস হয়। ডন ও জিও নিউজ অনলাইন।