অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি আদলি মানসুর। গতকাল জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে গণতান্ত্রিক উত্তরণের একটি রূপরেখা ঘোষণা করেছেন দেশটির সেনাপ্রধান সিসি। এর আগে ব্যাপক গণবিক্ষোভের মুখে গত বুধবার প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী। স্থগিত করা হয় দেশের সংবিধান।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে আদলি মানসুরের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতে। শপথে তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের নিয়মনীতি রক্ষা, সংবিধান ও আইনের প্রতি সম্মান এবং দেশের মানুষের স্বার্থ রক্ষা করব।’ এদিকে ব্রাদারহুডসহ দেশটির বিভিন্ন ইসলামি দল ও গোষ্ঠীর একটি জোট আজ দেশজুড়ে ‘শান্তিপূর্ণ বিক্ষোভের’ ডাক দিয়েছে।

শপথ নেওয়ার পর দেশে একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন আদলি মানসুর। তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়ার জন্য দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সদ্য ক্ষমতাচ্যুত মুরসির রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ফ্রিডম পার্টিকেও এই সরকারে রাখা দরকার বলে তিনি মত দিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মুসলিম ব্রাদারহুড এ দেশের জনগণেরই অংশ। জাতি গঠনের নতুন উদ্যোগে তাদেরও অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তারা যদি এই আহ্বানে সাড়া দেয়, তাহলে তাদের স্বাগত জানানো হবে।’ তবে মুসলিম ব্রাদারহুড এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছে।

মধ্যপ্রাচ্যজুড়ে আরব বসন্তের সময় মিসরে ব্যাপক গণ-আন্দোলনের মুখে ২০১১ সালের ফেব্রুয়ারিতে পতন ঘটে তিন দশকের শাসক হোসনি মোবারকের। এরপর বছর খানেক ক্ষমতায় ছিলেন ত ৎকালীন সেনাপ্রধান মোহাম্মদ হুসেন তানতাওয়ি। গত বছরের জুনে তাঁর অধীনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে প্রেসিডেন্ট হন মুরসি। চলতি সপ্তাহেই তাঁর ক্ষমতার মেয়াদ এক বছর পূর্ণ হয়েছিল।

কিন্তু প্রেসিডেন্ট মুরসি দায়িত্ব নিয়ে তাঁর ক্ষমতা আরও বাড়াতে এমন কিছু পদক্ষেপ নেন, যাতে প্রচণ্ড ক্ষুব্ধ হয় মিসরের জনগণ। ক্ষোভ থেকে শুরু হয় বিক্ষোভ। একপর্যায়ে তাঁর পদত্যাগ চেয়ে আবার রাজপথে নামে জনগণ। শুরু হয় সহিংসতা। সাম্প্রতিক সময়ে বিক্ষোভ-সহিংসতা ব্যাপক আকার ধারণ করায় বিরোধীদের সঙ্গে সমঝোতার জন্য গত সোমবার মুরসিকে দুই দিন সময় বেঁধে দেয় দেশটির সেনাবাহিনী। তা করতে ব্যর্থ হলে তাঁকে পদত্যাগের আহ্বান জানান সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি।

গত বুধবার স্থানীয় সময় বিকেলে ওই ৪৮ ঘণ্টা সময় শেষ হয়। এর আগে রাজপথে অবস্থান নেয় সরকার ও বিরোধী উভয় পক্ষ। দেশজুড়ে সৃষ্টি হয় উদ্বেগ-উ ৎকণ্ঠা। ৪৮ ঘণ্টা সময় শেষ হওয়ার পরপরই সব দলের অংশগ্রহণে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দেন মুরসি। কিন্তু সেনাবাহিনী ততক্ষণে তাদের কর্মপন্থা ঠিক করে ফেলে। রাস্তায় নেমে আসে সেনাবাহিনীর সাঁজোয়া যান। সন্ধ্যার পর সেনাপ্রধান সিসি মুরসিকে জানিয়ে দেন, তিনি আর দেশের প্রেসিডেন্ট নেই। এই খবরে উল্লাসে ফেটে পড়ে সরকারবিরোধীরা। বিখ্যাত তাহরির স্কয়ারসহ বিভিন্ন জায়গায় রাতভর উল্লাস করে সাধারণ মানুষ।

মিসর বিমানবাহিনীর জেট বিমান গতকাল সকালে রাজধানী কায়রোর আকাশে মহড়া (ফ্লাই পাস্ট) দেয়। জনগণের ইচ্ছার বিজয় হওয়ায় তারা এই আয়োজন করে।

নতুন সরকারের পরিকল্পনা: মুরসিকে উ ৎখাতের পর গতকাল জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে গণতান্ত্রিক উত্তরণের একটি রূপরেখা ঘোষণা করেন সেনাপ্রধান সিসি। এই রূপরেখা অনুযায়ী, সংবিধান সংশোধনের জন্য সমাজের সব অংশের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, গতকালই অন্তর্বর্তী প্রেসিডেন্ট শপথ নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময় প্রয়োজনীয় ডিক্রি জারির ক্ষমতা দেওয়া হয়েছে সাংবিধানিক আদালতের প্রধানকে। অন্তর্বর্তী সরকার দ্রুত প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে।

ব্রাদারহুডের নেতাদের গ্রেপ্তারে পরোয়ানা: নিরাপত্তা কর্মকর্তারা জানান, মুসলিম ব্রাদারহুডের প্রধান নেতা মোহাম্মদ বাদিয়েকে গতকাল গ্রেপ্তার করেছে দেশটির মিলিটারি পুলিশ। উপপ্রধান খয়রাত আল-শাতেরেসহ ব্রাদারহুডের অন্যান্য প্রভাবশালী নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়না জারি করা হয়েছে। সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির দল জাস্টিস অ্যান্ড ফ্রিডম পার্টির তাত্ত্বিক পরামর্শদাতা সংগঠন মুসলিম ব্রাদারহুড।

আদালতের একটি সূত্র জানায়, কায়রোর দক্ষিণাংশে মোকাত্তম এলাকায় মুসলিম ব্রাদারহুডের প্রধান কার্যালয়ের সামনে গত সোমবার বিক্ষোভকারীদের হত্যায় উসকানি দেওয়ার অভিযোগে মোহাম্মদ বাদিয়েকে গ্রেপ্তার করা হয়।

একটি বিচার বিভাগীয় সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, বিচার বিভাগকে অবমাননা করার অভিযোগে মুরসিসহ ব্রাদারহুডের শীর্ষ নেতাদের সরকারি অভিযোক্তারা সোমবার থেকে জিজ্ঞাসাবাদ শুরু করবেন। এর মধ্যে ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির প্রধান মোহাম্মদ সাদ আল-কাতাতনিও রয়েছেন। গত বুধবার সাদ আল-কাতাতনিকে গ্রেপ্তার করা হয়।

ব্রাদারহুডের বিক্ষোভ আজ: ব্রাদারহুডসহ দেশটির বিভিন্ন ইসলামি দল ও গোষ্ঠীর একটি জোট আজ শুক্রবার দেশজুড়ে ‘শান্তিপূর্ণ বিক্ষোভের’ ডাক দিয়েছে। অভ্যুত্থান ঘটিয়ে মুরসিকে সেনাবাহিনীর উ ৎখাতের প্রতিবাদে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। দ্য ন্যাশনাল অ্যালায়েন্স টু সাপোর্ট লেজিটিমেসি নামের ওই জোটের তরফে বলা হয়, বৈধ সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে উ ৎখাতের প্রতিবাদে এবং প্রেসিডেন্ট মুরসির বৈধতার সমর্থনে মিসরের সব প্রদেশে আজ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

স্যালভেশন ফ্রন্টের প্রতিবাদ: ব্রাদারহুডের নেতাদের গ্রেপ্তার এবং তাঁদের গণমাধ্যম বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়েছে দেশটির উদারপন্থী ও বামপন্থী দলগুলোর প্রধান জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট। গতকাল ফ্রন্টের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা সব রাজনৈতিক পক্ষের মত প্রকাশের স্বাধীনতা এবং নিজস্ব দল গঠনের অধিকারে বিশ্বাস করি।’ বিবিসি, এএফপি, রয়টার্স।