অন্তর্বর্তী শাসকদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: কেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরকে একটি ‘গুরুত্বপূর্ণ অংশীদার’ হিসেবে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল রোববার বলেছেন, দেশটির অন্তর্বর্তী শাসকদের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম কায়রো সফরে গিয়ে এ কথা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
জন কেরি গতকাল মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার চারটি দেশ সফরে বের হন। এর অংশ হিসেবে তিনি অঘোষিতভাবে মিসরে যান। সেনা অভ্যুত্থানে মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এ পর্যন্ত মিসর সফরে যাওয়া সবচেয়ে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা হলেন কেরি।
মুরসি এবং ব্রাদারহুডের আরও ১৪ জন জ্যেষ্ঠ নেতার বিচার শুরুর আগেরদিন মিসরে গেলেন কেরি। তাঁদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
কেরি মিসরের পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমির সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া সেনা-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মানসুর এবং সেনাবাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও তাঁর বৈঠক করার কথা ছিল।
কায়রোতে কেরি সাংবাদিকদের বলেন, ‘আমরা কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের জন্য সহযোগিতা অব্যাহত রাখবে।’ মিসরে একটি ‘অবাধ ও নিরপেক্ষ’ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তিনি। এএফপি ও রয়টার্স।