অন্তর্বর্তী সংবিধান পেল তিউনিসিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আরব বসন্তের’ সূচনাকারী দেশ তিউনিসিয়ার সাংবিধানিক পরিষদ গত শনিবার দেশটির অন্তর্বর্তী সংবিধান গ্রহণ করেছে। এতে ‘আরব বসন্ত’ বিপ্লবে দেশটির একনায়ক জয়নুল আবেদিন বেন আলী ক্ষমতাচ্যুত হওয়ার পর নির্বাচনের দেড় মাস পেরিয়ে একটি সংবিধান পেল তিউনিসিয়ার মানুষ।তিউনিসিয়ার ২১৭ সদস্যের সাংবিধানিক পরিষদ নতুন সংবিধানের জন্য প্রস্তাবিত ২৬টি অনুচ্ছেদই অনুমোদন করে। সংবিধানের পক্ষে ১৪১ জন সদস্য ভোট দেন। বিপক্ষে ভোট দেন ৩৭ জন। ভোটদানে বিরত থাকেন ৩৯ জন সদস্য। পাঁচ দিন বিতর্কের পর এই সংবিধান পাস হয়। এ সময় পার্লামেন্ট ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে অনেকে বিক্ষোভ করে। তারা ‘স্বাধীনতা ও মর্যাদার’ দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।নতুন সংবিধান পাস হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাংবিধানিক পরিষদের প্রধান মুস্তফা বেন জাফর বলেন, ‘এটা ঐতিহাসিক এক মুহূর্ত, স্মরণীয় এক রাত। এখন থেকে নতুন তিউনিসিয়ার যাত্রা শুরু হলো।’ তিনি বলেন, ‘সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট হিসেবে আমি গর্বিত। এ মুহূর্তে তিউনিসিয়ার বিপ্লবী জনগণকেও ধন্যবাদ জানাচ্ছি।’অন্তর্বর্তী সংবিধানে দেশের নির্বাহী, বিচারিক ও আইন প্রণয়নকারী সংস্থার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পর চূড়ান্ত সংবিধান প্রণয়নের আগ পর্যন্ত এই সংবিধান কার্যকর থাকবে।অন্তর্বর্তী সংবিধানে তিউনিসিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে তাঁকে অবশ্যই তিউনিসিয়ার নাগরিক ও মুসলিম হতে হবে। তাঁর বাবা-মাকেও তিউনিসিয়ার নাগরিক হতে হবে। বয়স হতে হবে কমপক্ষে ৩৫ বছর। এএফপি।