ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে ছয় জাতির অন্তর্বর্তী সমঝোতা বাস্তবায়নের কৌশল নির্ধারণে দুই পক্ষের আলোচনা আবারও শুরু হয়েছে৷ বিশেষজ্ঞ পর্যায়ের এ আলোচনা গত বৃহস্পতিবার রাতে সুইজারল্যান্ডে শুরু হয়৷
এদিকে মার্কিন কংগ্রেসে ইরানের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব আনা হলে প্রেসিডেন্ট বারাক ওবামা ভেটো দিয়ে তা আটকে দেবেন বলে হুঁশিয়াির দিয়েছে হোয়াইট হাউস ৷ হোয়াইট হাউস মনে করে, ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের চেষ্টা করা হলে দেশটি সমঝোতা থেকে সরে গিয়ে আবার পারমাণবিক অস্ত্র তৈরির পথ বেছে নেবে৷
জেনেভা আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও আন্তর্জাতিকবিষয়ক মহাপরিচালক হামিদ বায়েদিনেজাদ৷ তাঁর সঙ্গে তেল, পরিবহন, পারমাণবিক ও ব্যাংকিং খাতের প্রতিনিধিরা রয়েছেন৷ আর ছয় জাতির পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টনের ঘনিষ্ঠ স্টিফেন ক্লিমেন্ট৷
হোয়াইট হাউস গত বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তাব তোলার বিষয়ে হুঁিশয়ারি উচ্চারণ করে বলে, এটা একেবারেই অযাচিত পদক্ষেপ৷
হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেন, ‘আমরা মনে করি না, এই পদক্ষেপ যথাযথ হবে৷ এই পদক্ষেপ গ্রহণ করতে চাইলে প্রেসিডেন্ট তাতে ভেটো দেবেন৷’ কার্নি আরও বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ থেকে কংগ্রেসকে বিরত রাখা গুরুত্বপূর্ণ৷ কারণ, এই পদক্ষেপের কারণে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে কূটনৈতিকভাবে যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা নস্যাৎ হয়ে যেতে পারে৷
প্রেসিডেন্ট ওবামাসহ অনেকেই ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিরোধিতা করলেও বৃহস্পতিবার ২৬ জন সিনেটর নিষেধাজ্ঞার প্রস্তাব উত্থাপন করেন৷
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে যুক্তি তুলে ধরে সিনেটের পররাষ্ট্র-সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান ও ডেমোক্র্যাট নেতা রবার্ট মেনেন্ডেজ বলেন, নতুন নিষেধাজ্ঞা ইরানকে আলোচনার টেবিলে ধরে রাখতে সহায়তা করবে৷
নতুন নিষেধাজ্ঞার বিষয়ে সিনেটে কবে ভোটাভুটি হবে তা এখনো নিশ্চিত নয়৷ তবে কোনো কোনো সূত্র বলছে আগামী মাসে এই ভোটাভুটি হতে পারে৷
ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভা আলোচনায় তেহরানের সঙ্গে ছয় পরাশক্তি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছে গত ২৪ নভেম্বর।
পাশ্চাত্যের সঙ্গে সমঝোতার আওতায় ইরান ইউরেনিয়াম একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি পরিমাণে সমৃদ্ধ না করার ব্যাপারে রািজ হয়৷ এর বিনিময়ে দেশটির ওপর থেকে মার্কিন ও আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার কিছু অংশ প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেওয়া হয়৷ এএফপি৷