মিসরে আরও প্রতিনিধিত্বমূলক সরকারের জন্য একটি যথাযথ অন্তর্বর্তী (অর্ডারলি ‘ট্রানজিশন’) সরকার গঠনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট হিসেবে হোসনি মোবারকের পদত্যাগের দাবি বিষয়ে দেশটি সুস্পষ্ট কোনো মন্তব্য করেনি। বর্তমানে মিসরের বিক্ষোভ সহিংসতা ও অস্থিতিশীলতা গোটা আরববিশ্বে ছড়িয়ে পড়তে পারে—ক্রমবর্ধমান এই আশঙ্কার মধ্যে এ আহ্বান জানাল যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ওয়াশিংটন মিসরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও শীর্ষস্থানীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা টেলিফোনে মিসরের ও আঞ্চলিক নেতাদের এ বিষয়ে আবারও আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে, দেশগুলো এখনো যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে রয়ে গেছে।জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন, হোয়াইট হাউস ও পররাষ্ট্রমন্ত্রীর (হিলারি ক্লিনটন) ব্যবহার করা ‘ট্রানজিশন’ শব্দটি তাঁরা সতর্কতার সঙ্গে দেখছেন। মিসরে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত দেশকে নেতৃত্ব দিতে একটি প্রতিনিধিত্বমূলক অন্তর্বর্তী সরকারের আকাঙ্ক্ষার প্রতি ইঙ্গিত করার জন্যই মূলত এই শব্দটি ব্যবহার করা হয়েছে।সিএনএনের একটি অনুষ্ঠানে হিলারি ক্লিনটন বলেন, ‘বর্তমান ও যেকোনো সরকারের নতুন সদস্য’—উভয়েরই ‘গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কারের জন্য বাস্তবসম্মত পদক্ষেপ’ নেওয়া প্রয়োজন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো সুনির্দিষ্ট ফলাফলের জন্য ওকালতি করছি না।’হিলারি বলেন, বিক্ষোভ শুরুর পর থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার জন্য প্রেসিডেন্ট মোবারক যেসব পদক্ষেপ নিয়েছেন, তাতে কেউ সন্তুষ্ট নন। তিনি বলেন, কেউ যাতে শূন্যস্থান দখল করতে না পারে, সে জন্য অন্তর্বর্তী প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা কোনো বিশৃঙ্খলা চান না।এদিকে এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে হিলারি ক্লিনটন বলেন, ‘আমেরিকার বার্তা পূর্বাপর একই রকম। আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই।’ জনতার ওপর হস্তক্ষেপ করা থেকে মিসরের সেনাবাহিনী যাতে বিরত থাকে, সে ব্যাপারে পেন্টাগন প্রভাব খাটাতে শুরু করেছে। ওয়াশিংটন পোস্ট-এর এক খবরে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ও জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন তাঁদের মিসরীয় প্রতিপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে টেলিফোনে আলাপ করেছেন।এদিকে মিসরে সরকার পতন হলে ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। হাইতির উদ্দেশে ওয়াশিংটন ত্যাগের সময় তিনি সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন মিসরের ক্ষমতায় এমন কাউকে দেখতে চায় না, যারা ওই অঞ্চলে সংঘাত বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে।আরব-ইসরায়েল শান্তি-প্রক্রিয়ায় মিসর বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ওয়াশিংটন পোস্ট, রয়টার্স।