অন্ধকার থেকে আলোর পথে
অন্ধকার স্যাঁতস্যাঁতে গোয়ালঘরে গাদাগাদি করে থাকত ওরা। প্রায় ২০ জন শিশু। বয়স তিন থেকে নয় বছরের মধ্যে। তীব্র শীতেও তাদের গায়ে কোনো গরম কাপড় ছিল না। দিনে তারা ইট ভাঙত। আর রাতে সেখানেই ঘুমাত। শিশুরা জানত না জীবন কী? তাদের ভবিষ্যৎ কী? তারা শুধু বেঁচে থাকার জন্য দিনের পর দিন লড়াই করে যাচ্ছিল।সেই শিশুদেরই একজন রিতা ভান্ডারি। তার বয়স এখন ১৪ বছর। সে এখন নেপালের স্বনামধন্য জ্ঞানদয়া বাল বাত্তিকা স্কুলে পড়ে। স্কুলটিতে যারা পড়াশোনা করে, তাদের বেশির ভাগই বিত্তবান পরিবারের সন্তান। ব্যতিক্রম হলো রিতা ও তার সঙ্গী ১৯ জন শিশু। যারা একসময় কাঠমান্ডুর ওই গোয়ালঘরটিতে দাস হিসেবে জীবন কাটাত। সাত বছর আগে আইরিশ ব্যবসায়ী জেন লান স্পলেন ও তাঁর স্ত্রী মাউরা সেখান থেকে নোংরা ও অসুস্থ অবস্থায় ওই শিশুদের উদ্ধার করেন। ভাগ্য খুলে যায় এদের।নেপালের পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত একটি গ্রামের নাম হামলা। এই গ্রামের দরিদ্র বাবা-মায়েরা ২০ জন শিশুকে পাচারকারীদের হাতে তুলে দিয়েছিলেন। তাঁরা ভেবেছিলেন, কাজ করে ছেলেমেয়েরা ভালো থাকবে। কিন্তু পাচারকারীরা হামলা গ্রাম থেকে শিশুদের কাঠমান্ডুতে নিয়ে যায়। সেখানে ইটের কারখানাগুলোতে তাদের ইট ভাঙার কাজে লাগানো হয়। সারা দিন হাড়ভাঙা খাটুনির পরে শিশুরা ঘুমাত স্যাঁতস্যাঁতে ওই গোয়ালঘরটিতে। একপর্যায়ে আইরিশ ব্যবসায়ী জেন ও তাঁর স্ত্রী মাউরার সঙ্গে দেখা হয় তাঁদের। জেন ও মাউরা ওই ২০ জন শিশুকে উদ্ধার করেন। তাদের নেপালের একটি দাতব্য সংস্থায় ভর্তি করেন তাঁরা। এরপর তাদের স্থানীয় একটি স্কুলে ভর্তি করেন। সেখানে তাদের ইংরেজি ও নেপালি ভাষা শেখানো হয়। কিন্তু এখানেই থেমে যাননি তাঁরা। তাঁরা হতভাগ্য ওই শিশুদের সুন্দর একটি জীবন দিতে চেয়েছিলেন। তাই তাদের ভর্তি করে দেন স্বনামধন্য জ্ঞানদয়া স্কুলে। সেখানে কঠোর নিয়মানুবর্তিতা আর পড়াশোনার মধ্য দিয়ে বেড়ে উঠতে থাকে শিশুরা। স্কুলটিতে খরচও অনেক। বছরে ৩৫ হাজার মার্কিন ডলার। এর অনেকটা ব্যয়ভার বহন করেন জেন ও তাঁর স্ত্রী মাউরা। কিছু বহন করে দাতাগোষ্ঠীরা।অতীত যা-ই হোক, প্রতিযোগিতার দৌড়ে বিত্তবান শিশুদের থেকে একটুও পিছিয়ে নেই ওই শিশুরা। সবাই পড়াশোনা ও খেলাধুলায় দারুণ ভালো। দারিদ্র্যের ভেতর জন্ম নেওয়া এসব শিশু এখন স্বপ্ন দেখে। রিতা ভান্ডারি বৈমানিক হতে চায়। তার বন্ধু বসন্ত বুধাথোকি বড় হয়ে নিজ গ্রামে গিয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। আর শিশুদের এসব স্বপ্ন এক দিন সত্যি হবে। জেন বলেন, এই শিশুরাই একদিন আকাশ ছোঁবে। কেউ তাদের আটকাতে পারবে না। এএফপি।