অন্ধকার থেকে আলোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই এলাকায় বেড়ে ওঠা মেয়েদের কেউ ভালো চোখে দেখে না। শোষণ, দারিদ্র্য আর কলঙ্কের কালিমা তাদের জীবনের নিত্যসঙ্গী। এসব পাহাড়প্রমাণ প্রতিকূলতাকে ঠেলে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য বৃত্তি পেয়েছেন শ্বেতা কাত্তি।ঘটনাটি ভারতের বাণিজ্যনগর মুম্বাইয়ের। আর শ্বেতা কাত্তি (১৮) বড় হয়েছেন স্থানীয় কুখ্যাত কামাথিপুরা যৌনপল্লি এলাকায়। মুম্বাইয়ের চোখ ধাঁধানো ঝলমলে আলোও যেখানকার চির অন্ধকার তাড়াতে পারে না। সেখানে বেড়ে ওঠা শ্বেতা গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে মুম্বাই ছেড়েছেন। নিউইয়র্কের লিবারেল আর্টস বার্ড কলেজে পড়াশোনা করবেন তিনি। শ্বেতা মনোবিজ্ঞান নিয়ে পড়বেন। পড়াশোনা শেষে দেশে ফিরে নিজের এলাকার মেয়েদের সহায়তা করাই তাঁর স্বপ্ন।মুম্বাই ছাড়ার আগে শ্বেতা সাংবাদিকদের বলেন, ‘এটা আমার শৈশবের স্বপ্ন। এ স্বপ্ন সত্যিই বাস্তবায়িত হবে, তা কোনো দিন ভাবিনি।’ শ্বেতা জানান, অনেকেই তাঁকে নির্যাতন করত। তবে তিনি সবসময় তা সাহসের সঙ্গে মোকাবিলা করতেন। মা তাঁকে সব কিছু থেকে আগলে রাখতেন। সাহস দিয়ে বলতেন, ‘তুমিই সবার সেরা, চাইলে সব কিছুই জয় করতে পারবে তুমি।’নিজেকে ‘শক্ত চামড়ার’ মানুষ উল্লেখ করে শ্বেতা জানান, তাঁকে সব দিক থেকেই বৈষম্যের শিকার হতে হয়েছে। দরিদ্র আর নিম্নবর্ণের হওয়ায় স্কুলেও তাঁকে বৈষম্যের শিকার হতে হতো।এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউজ উইক সাময়িকী অনূর্ধ্ব ২৫ বছরের ২৫ জন মেয়ের একটি তালিকা প্রকাশ করে। ‘ইয়াং উইমেন টু ওয়াচ’ শিরোনামের ওই তালিকায় পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফ জাইয়ের পাশাপাশি শ্বেতাও তাঁর দৃঢ়সংকল্পের জন্য স্থান পান।এদিকে ভারতের হরিয়ানা রাজ্যের এক গাড়িচালকের মেয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডি করার জন্য ৫০ হাজার ডলারের মার্কিন বৃত্তি পেয়েছেন। পাঞ্জাব ইউনিভার্সিটির ছাত্রী পুনম (২৪) বর্তমানে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানেই গবেষণা করছেন। ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনায় রসায়নে পিএইচডি করার জন্য তাঁকে বৃত্তিটি দেওয়া হয়েছে। পুনমের বাবা সুরেশ পাল হরিয়ানা রাজ্যের জনসংযোগ দপ্তরের গাড়ি চালান। এএফপি ও আইএএনএস। এএফপি।