অন্ধজনে আলো দেবে স্টেম সেল!
দৃষ্টিশক্তি ফেরাতে আগামী দিনে আশার আলো হয়ে উঠতে পারে স্টেম সেল। বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণা ও পরীক্ষামূলক অস্ত্রোপচারে এমন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। অন্ধজনে আলোর দিশা দেখাতে স্টেম সেল হয়ে উঠতে পারে বিস্ময়কর সমাধান। প্রথমবারের মতো মানব-ভ্রূণ থেকে নেওয়া স্টেম সেল ব্যবহার করে দৃষ্টিশক্তি ফেরানোর পরীক্ষামূলক চিকিৎসায় সাফল্য পাওয়া গেছে। প্রায় দৃষ্টিশক্তিহীন দুই নারীর চোখে স্টেম সেল সঞ্চারণ করে দেখা গেছে, তাঁরা আবারও দৃষ্টিশক্তি ফিরে পেতে শুরু করেছেন। এ সপ্তাহেই ল্যানসেট সাময়িকীর ইন্টারনেট সংস্করণে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্টেম সেল চোখে সঞ্চারণ করা হলে তা কতটা নিরাপদ হবে মূলত এটাই ছিল ওই পরীক্ষামূলক অস্ত্রোপচারের প্রধান উদ্দেশ্য। এ জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই নারীকে বেছে নেওয়া হয়। দুজনই ধীরে ধীরে অন্ধত্বের দিকে এগিয়ে যাচ্ছিলেন। গত বছরের জুলাই মাসে তাঁদের চোখে অস্ত্রোপচার করা হয়।পরীক্ষামূলক অস্ত্রোপচারের পৃষ্ঠপোষক ছিল ম্যাসাচুসেটসের বায়োটেক ফার্ম। ওই প্রতিষ্ঠানের আ্যাাডভান্সড সেল টেকনোলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রবার্ট লানজা বলেছেন, ‘গবেষণা চলাকালীন অবস্থায় দেখা গেছে, দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার ক্ষেত্রে তাঁদের তাৎপর্যপূর্ণ উন্নতি হয়েছে।’ ওই নারীদের একজন এখন ম্যাগনিফাইং গ্লাস ছাড়াই বই পড়া এবং সুঁই-সুতার কাজ করতে পারেন। অন্যজন কারও সাহায্য ছাড়াই দোকান থেকে কেনাকাটা করতে পারছেন।তবে অ্যাডভান্সড সেল টেকনোলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রবার্ট লানজা জানিয়েছেন, অস্ত্রোপচারের এই সাফল্য একেবারেই প্রাথমিক পর্যায়ের। দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বিষয়টি হয়তো দীর্ঘস্থায়ী নয় এবং ভবিষ্যতে নানা জটিলতাও দেখা দিতে পারে। তবে তা সত্ত্বেও তাঁর ধারণা দুটি ঘটনাই কার্যকর গবেষণার জন্য পথ দেখাতে সহায়তা করবে। ওয়াশিংটন পোস্ট।