অন্ধ্র প্রদেশে প্রতিদিন ২২ নারী নিখোঁজ হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে প্রতিদিন অন্তত ২২ জন নারী নিখোঁজ হচ্ছে। মানবপাচারে জড়িত বড় একটি চক্রের অনুসন্ধান করতে গিয়ে রাজ্যপুলিশ এ তথ্য পেয়েছে। একই সঙ্গে উদ্বিগ্ন হওয়ার মতো আরও বেশ কিছু উপাত্ত সংগ্রহ করেছে পুলিশ। রাজ্যপুলিশ এবং নারী ও শিশুকল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে সংগৃহীত তথ্য অনুযায়ী, অন্ধ্র প্রদেশে গত চার বছরে মোট ২৩ হাজার ৭৬০ নারী নিখোঁজ হয়েছে। রাজ্যে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত নিখোঁজ মানুষের মোট সংখ্যা ৪৭ হাজার ১৮১ জন। এদের মধ্যে ১৬ হাজার ৭৮৭ জন শিশু ও ১২ হাজার ৮৮২ জন নারী। একই বছর নিখোঁজ মোট শিশুর প্রায় ৬৬ শতাংশই মেয়ে। এদের সংখ্যা ১০ হাজার ৯৩৮ জন।মেয়েদের নিখোঁজ হওয়ার হার এ বছর আরও বেড়েছে। চলতি বছরের জুলাই পর্যন্ত আরও দুই হাজার ৭৮৬ শিশু নিখোঁজ হয়। এদের ৭০ শতাংশ (এক হাজার ৯৯৫ জন) মেয়ে। অর্থাৎ রাজ্যটিতে বর্তমানে প্রতিদিন প্রায় ১০ জন মেয়ে নিখোঁজ হচ্ছে। একইভাবে চলতি বছরের জুলাই পর্যন্ত নিখোঁজ নারীর সংখ্যা দুই হাজার ৫১৯ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে ১২ জন নারী নিখোঁজ হচ্ছে।এত বিপুলসংখ্যক নারী ও মেয়েদের নিখোঁজ হওয়ার তথ্যকে সরকারের জন্য একটি সতর্কসংকেত হিসেবে বিবেচনা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, গত তিন বছরে নিখোঁজ এসব নারী ও শিশু মানবপাচারকারী চক্রের কবলে পড়েছে। হারিয়ে যাওয়া এসব নারীকে খুঁজে পেতে সংশ্লিষ্ট পরিবারগুলোকে সহায়তার জন্য পুলিশ একটি ওয়েবসাইট চালু করেছে। এতে নিখোঁজ নারীদের ছবি ও প্রয়োজনীয় যাবতীয় তথ্য দেওয়া হয়েছে।ওয়েবসাইটটির কার্যকারিতা ব্যাখ্যা করে রাজ্যপুলিশের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ভি এস কে কৌমুদি বলেন, যে কেউ এ ওয়েবসাইটের সহায়তা নিয়ে পুলিশ ও সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবে। ওয়েবসাইটটিতে অজ্ঞাতপরিচয় বিভিন্ন মরদেহের বিস্তারিত বর্ণনাও রয়েছে। যদি নিখোঁজ কারও সন্ধান পাওয়া যায়, তবে তার ছবি ও তথ্যাবলি ওয়েবসাইটে আপলোড করা যাবে। এভাবে অনেককে খুঁজে পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া।