অন্ধ্র প্রদেশে বন্যায় ২২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশের ওপর দিয়ে গত সপ্তাহে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ও মৌসুমি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি এক কর্মকর্তা গতকাল সোমবার জানিয়েছেন। এ ছাড়া বন্যায় অন্তত এক লাখ মানুষ গৃহহীন হয়েছে বলেও জানান তিনি।জরুরি উদ্ধার-তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা কারিকাল ভালাভেন বলেন, গত বুধবার চেন্নাইয়ের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় নিলমের প্রভাবে সৃষ্ট বন্যায় শত শত গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া ৬০ হাজার মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে। উপকূলীয় এলাকার সব ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকায় প্রায় ১০০ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম গুনতুর জেলার কৃষক আরকু রাজাইপা বলেন, ‘অসময়ে এ রকম প্রবল বর্ষণে সব ফসল শেষ হয়ে গেছে। পুরো ফসলের খেত পানিতে তলিয়ে গেছে। এখন আমাদের সারা বছরজুড়েই সরকারি সাহায্যের ওপর নির্ভর করে থাকতে হবে।’অন্ধ্র প্রদেশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুর্গতদের মধ্যে এক লাখ বস্তা খাবার বিতরণ করেছে। গতকাল কর্তৃপক্ষ জানায়, বন্যায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় বহু গ্রামে গত কয়েক দিন পৌঁছাই সম্ভব হয়নি। কারিকাল ভালাভেন বলেন, ১৩০টি গ্রামের সঙ্গে যোগাযোগ স্থাপন করাই এখন আমাদের মূল কাজ। এসব গ্রামবাসী খাদ্যসংকটে আছে।এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আরও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে নিম্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে আবহাওয়া দপ্তর। এএফপি।