অন্ধ্র প্রদেশের সাতজন কংগ্রেস সাংসদের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজ্য অন্ধ্র প্রদেশকে ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে প্রদেশটির সাতজন কংগ্রেস সাংসদ গতকাল শুক্রবার পদত্যাগ করেছেন। এ ছাড়া পদত্যাগের হুমকি দিয়েছেন কেন্দ্রীয় সরকারের চারজন মন্ত্রী।
গত মঙ্গলবার ক্ষমতাসীন কংগ্রেস ও ইউপিএ জোট সরকার পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে।
এর প্রতিবাদে গতকাল বিকেলে লোকসভার ছয়জন কংগ্রেস সাংসদ এবং রাজ্যসভার একজন সদস্য তাঁদের পদত্যাগপত্র জমা দেন।
তাঁদের পদাঙ্ক অনুসরণ করে কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ উন্নয়নবিষয়ক মন্ত্রী পল্লম রাজু, প্রতিমন্ত্রী পুরানাদেশ্বরী, জেডি সিলাম ও কিল্লি ক্রুপারানি পদত্যাগের হুমকি দিয়েছেন। তবে পদত্যাগের আগে মন্ত্রীরা আজ শনিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে তাঁরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন।
এর আগে ১৪ জন প্রতিমন্ত্রী পদত্যাগের হুমকি দিয়েছিলেন। তাঁদের মধ্যে নয়জনকে বোঝাতে সক্ষম হয়েছে কংগ্রেস।
অন্ধ্র প্রদেশে কংগ্রেসের ৩৩ জন সাংসদ রয়েছেন। তাঁদের মধ্যে ১৯ জনই প্রদেশের উপকূলীয় ও রায়ালাসীমা অঞ্চলের। তেলেঙ্গানাকে ভারতের ২৯তম রাজ্য ঘোষণার সিদ্ধান্তে তাঁরা ক্ষোভে ফেটে পড়েছেন। এনডিটিভি ও পিটিআই।