অন্ধ্রে বিজেপি-টিডিপি জোট ভাঙনের মুখে!
ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে আগামী মে মাসে বিধানসভা নির্বাচন হবে। ওই নির্বাচনের আগেই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে আঞ্চলিক প্রভাবশালী দল তেলেগু দেশম পার্টির (টিডিপি) জোট সংকটের মুখে।
বিধানসভা নির্বাচনে বিজেপি যেসব প্রার্থী দাঁড় করিয়েছে, তা নিয়ে অসন্তুষ্ট টিডিপি। বিজেপির প্রার্থীদের ‘দুর্বল’ আখ্যায়িত করে দলটি বলেছে, এই পদক্ষেপ জোটের জন্য ‘ক্ষতিকর’ হবে।
টিডিপির সভাপতি এন চন্দ্রবাবু নাইডু গত বুধবার রাতে টেলিকনফারেন্সে দলের নেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মন্তব্য করেন, বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি যেসব প্রার্থী দাঁড় করিয়েছে, তাঁরা এমনকি ওয়ার্ড সদস্য নির্বাচিত হতেও সক্ষম নন। তিনি বলেন, ‘তাঁরা কীভাবে বিধানসভা নির্বাচনে জিতবেন? এটা আমাদের জোটের জন্য ক্ষতিরই কারণ হবে।’
রাজ্যের যেসব আসনে বিজেপির পছন্দের প্রার্থীদের ব্যাপারে টিডিপির আপত্তি রয়েছে বলে জানা গেছে, তার মধ্যে ইছাপুরাম, রাজামুন্ড্রি (শহর), কাইকালুড়ু ও গুনতাকাল রয়েছে। জোটগতভাবে নির্বাচনের অংশ হিসেবে এই আসনগুলো বিজেপিকে ছেড়ে দেওয়া হয়েছে।
টিডিপির নেতা চন্দ্রবাবু দলীয় নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আরেক দফা টেলিকনফারেন্স করবেন। দলের ভেতরে ক্রমবর্ধমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে তিনি বিজেপির সঙ্গে নির্বাচনী জোট প্রশ্নে তখন নেতাদের পরামর্শ নেবেন।
বুধবার টেলিকনফারেন্সের সময় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কে ইয়েরান ও নাইডুর ছেলে কিনজারাপু রামমোহন নাইডু টিডিপির প্রধানকে বলেন, ইছাপুরাম আসনে বিজেপির মনোনীত প্রার্থী ভি বালাকৃষ্ণর জেতার কোনো সম্ভাবনাই নেই। চলতি লোকসভা নির্বাচনে শ্রীকাকুলাম থেকে টিডিপির প্রার্থী রামমোহন বলেন, ‘আমরা বিধানসভার একটি আসন হারাতে যাচ্ছি, যা লোকসভার আসনের ক্ষেত্রেও প্রভাব ফেলবে।’
রাজ্যের বিধানসভা নির্বাচনে অন্য আসনগুলোতেও বিজেপির প্রার্থীদের ব্যাপারে একইভাবে আপত্তি তোলেন সেসব এলাকার জ্যেষ্ঠ টিডিপি নেতারা। টিডিপির যোগ্য নেতাদের বসিয়ে দিয়ে বিজেপির ‘অযোগ্য’ ব্যক্তিদের প্রার্থী করায় ওই আসনগুলো হাতছাড়া হওয়ার আশঙ্কাও করেন তাঁরা। পিটিআই।